রবিবার ২ আগস্ট ২০২৬ ১৮ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


ছেলে রেজাউলের কবর দেখে নির্বাক বৃদ্ধ বাবা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৭:৫৭ পিএম  (ভিজিট : ১৭২)
শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনের ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে সংগঠিত সংঘর্ষের ঘটনায় নিহত শ্রীবরদী উপজেলা জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের (৪২) বাড়িতে চলছে শোকের মাতম।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রেজাউলের বয়োবৃদ্ধ বাবা মাওলানা আব্দুল আজিজ নির্বাক দৃষ্টিতে ছেলের কবরের দিকে তাকিয়ে ছিলেন। যেন তাঁর চোখের জল শুকিয়ে গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নিহত জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের গোপারখিলা গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। বাড়ির ভেতর থেকে মহিলাদের উচ্চ কান্নার আওয়াজ ভেসে আসছিল। আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা বাড়িতে এসে খোঁজখবর নিচ্ছিলেন।

কয়েকজন গোরখোদককে কবর খোঁড়ায় ব্যস্ত দেখা যায়। নিহত রেজাউলের মরদেহ তখনও বাড়িতে এসে পৌঁছায়নি।

এদিকে, সকাল ১১টায় রেজাউলের বাড়িতে শোকসন্তপ্ত পরিবারকে শান্তনা দিতে আসেন জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান। তিনি বলেন, ‘এই হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যেহেতু এই হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ রয়েছে, তাই ভিডিও দেখে হত্যা মামলা দায়ের করা হবে। প্রাথমিকভাবে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং পরবর্তীতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শ নিয়ে কর্মসূচি গ্রহণ করা হবে।’

নিহত রেজাউলের শ্বশুর কাকিলাকুড়া গ্রামের বাসিন্দা হাফেজ মো. আবুবকর বলেন, ‘আমি হত্যাকারীদের দ্রুত ফাঁসি চাই। তার স্ত্রী ও দুই সন্তানকে এখন দেখবে কে?’

রেজাউলের ছোট ভাইয়ের স্ত্রী বলেন, ‘আমরা সুষ্ঠু বিচার চাই। যারা জড়িত, তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার চাই।’

এদিকে রেজাউলের নিহতের খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]