প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৪:২৫ পিএম
(ভিজিট : ৭২৮)
জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে শেষ হলো বাংলাদেশ জুডো ফেডারেশন আয়োজিত ‘বিজয় দিবস বয়স ভিত্তিক (অনূর্ধ্ব-১৬) জুডো প্রতিযোগিতা-২০২৫’। গতকাল ১০ জানুয়ারি ২০২৬ তারিখে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার পর্দা নামে। এবারের আয়োজনে সবচেয়ে বেশি নজর কেড়েছে একই পরিবারের তিন খুদে অ্যাথলেটের অসাধারণ নৈপুণ্য।
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার হয়ে লড়ে স্বর্ণপদক ছিনিয়ে নিয়েছে দুই বোন। মাহজাবিন বিনতে আবদুল্লাহ সুহা ২৮ কেজি ওজন শ্রেণিতে এবং তার ছোট বোন রুফাইদা জাহান সানিহা ২২ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক অর্জন করে পরিবারের মুখ উজ্জ্বল করেছে। এছাড়াও এই প্রতিযোগিতায় অত্যন্ত দক্ষতার সাথে অংশগ্রহণ করে প্রশংসা কুড়িয়েছে তাদের ছোট ভাই আয়মান আব্দুল্লাহ সুহান।
সুহা ও সুহান হলো তাসমিনা জাহান তুলির সন্তান এবং সানিহা লুবনা জাহান মাহজাবিনের মেয়ে। তারা তিনজনই একই পরিবারের তৃতীয় প্রজন্মের প্রতিনিধি। জাতীয় পর্যায়ে এই সাফল্যে উচ্ছ্বসিত তাদের পরিবার। শিশুদের এই অর্জন ভবিষ্যতে তাদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিজয়ীদের হাতে মেডেল ও সনদ তুলে দেন। তারা বলেন, তৃণমূল পর্যায় থেকে এই শিশুদের উঠে আসা দেশের জুডো অঙ্গনকে ভবিষ্যতে আরও শক্তিশালী করবে। পরিবারের পক্ষ থেকে তাদের এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।