প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৫৩ পিএম
(ভিজিট : ১২)
ছবি: সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে যাত্রীবাহী দুটি বাসের মধ্যে প্রতিযোগিতার সময় একটি বাসের ধাক্কায় আমিরুল ইসলাম (৩৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আমিরুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত আমিরুল ইসলাম টাঙ্গাইল সদর থানার চরপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি রাজধানীর শ্যামপুরের ফরিদাবাদ এলাকায় বসবাস করতেন। তাঁর সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে পরিচয় শনাক্ত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প।
প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী অটোরিকশাচালক ইমরান ফকির জানান, দুপুরে নামাজ শেষে তিনি ভাগ্নের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। পথে রায়েরবাগ ফুটওভার ব্রিজের ওপর থেকে দুটি বাসকে বিপজ্জনকভাবে প্রতিযোগিতা করতে দেখেন। এ সময় একটি বাস অন্যটিকে পেছনে ফেলে এগিয়ে যায়।
ইমরান ফকির বলেন, পেছনে থাকা বাসটি দ্রুতগতিতে সামনে এগিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে চালক সড়কে ছিটকে পড়ে মাথার পেছনে গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পর অনেকেই তাঁকে ঘিরে দাঁড়িয়ে থাকলেও কেউ ধরার সাহস পাচ্ছিলেন না। পরে স্থানীয় কয়েকজনের সহায়তায় তিনি আহত চালককে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তবে কোন দুটি পরিবহন কোম্পানির বাসের মধ্যে প্রতিযোগিতা চলছিল কিংবা কোন বাসটি আমিরুলকে ধাক্কা দিয়েছে, তা জানাতে পারেননি ইমরান ফকির।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
সড়কে বাসের অসুস্থ প্রতিযোগিতা বন্ধে কার্যকর নজরদারি ও কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। চালকদের বেপরোয়া প্রতিযোগিতার কারণে আর কোনো পরিবার যেন প্রিয়জনকে না হারায়।
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন | উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত। ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]