প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১১:০৯ পিএম
(ভিজিট : ৪৮)
দেশের বিভিন্ন জেলার প্রায় ৮০০ জন পেশাদার ফটোগ্রাফারের অংশগ্রহণে আয়োজিত PPB Expo 2026-এ গ্র্যান্ড উইনার নির্বাচিত হয়েছেন পাবনার ঈশ্বরদীর তরুণ ফটোগ্রাফার আমির হামজা সাগর। একই আয়োজনে ওয়েডিং ফটোগ্রাফি বিভাগে প্রথম পুরস্কারও অর্জন করেছেন তিনি।
গত ২৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন সাগর। প্রফেশনাল ফটোগ্রাফারস অফ বাংলাদেশ (পিপিবি) নামের একটি প্ল্যাটফর্ম এ এক্সপোর আয়োজন করে।
প্রতিযোগিতায় ১৪টি ক্যাটাগরিতে প্রায় সাড়ে ৩ হাজার ছবি জমা পড়ে। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করে মোট ৪২টি পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে ওয়েডিং ফটোগ্রাফি বিভাগে প্রথম পুরস্কার অর্জনের পাশাপাশি সব ক্যাটাগরির ছবির মধ্যে সাগরের ছবিটি গ্র্যান্ড উইনার নির্বাচিত হয়।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোগ্রাফার জনসন উই (Johnson Wee), নিক প্যাক্রেডিস (Nick Pekridis) ও কেদাজি (Keda.Z)। তাঁদের পাশাপাশি বাংলাদেশের কয়েকজন স্বনামধন্য জ্যেষ্ঠ ফটোগ্রাফারও বিচারকের দায়িত্ব পালন করেন।
আমির হামজা সাগর ঈশ্বরদী পৌরসভার ভেলুপাড়া এলাকার বাসিন্দা মো. সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি প্রায় নয় বছর ধরে একটি প্রতিষ্ঠানে ওয়েডিং ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন। বর্তমানে তিনি সেখানে সিনিয়র ফটোগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করছেন।
ডিপ্লোমা সম্পন্ন করার পর অন্য পেশায় না গিয়ে মিউজিক ও ফটোগ্রাফির প্রতি নিজের আগ্রহকে গুরুত্ব দেন সাগর। ফটোগ্রাফির প্রতি দীর্ঘদিনের ভালো লাগা থেকেই এ অঙ্গনে তাঁর পথচলা। বিশেষ করে ওয়েডিং ফটোগ্রাফিতে কাজের মধ্য দিয়ে নিজের দক্ষতা ও অভিজ্ঞতা গড়ে তুলেছেন তিনি।
এ অর্জনে নিজের অনুভূতি প্রকাশ করে আমির হামজা সাগর জানান, এমন স্বীকৃতি তাঁর জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার। পাশাপাশি নতুন ফটোগ্রাফারদের উদ্দেশে তিনি নিয়মিত কাজ শেখা, সৃজনশীলতা ধরে রাখা এবং নিজের কাজের প্রতি আন্তরিক থাকার বার্তা দিয়েছেন।