প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৬:২১ পিএম
(ভিজিট : ১৭)
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকির ওপর হামলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘যারাই এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইন্সটিটিউট অব মেন্টাল হেলথে তিনি এ কথা বলেন।
এর গতকাল বুধবার উপসচিব ইমতিয়াজ হোসেন স্বাক্ষরিত আদেশে এ কমিটি গঠনের তথ্য জানা যা। এতে আহ্বায়ক করা হয়েছে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদকে। সদস্যসচিব করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান। কমিটির অপর সদস্য উপসচিব ইমতিয়াজ হোসেন।
অফিস আদেশে বলা হয়েছে, বুধবার আনুমানিক বেলা ১১টায় আইইডিসিআরের পরিচালকের কার্যালয়ে হামলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির বিষয়ে বিশ্বস্ত সূত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া সংবাদের পরিপ্রেক্ষিতে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের লক্ষ্যে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করে সুস্পষ্ট পর্যবেক্ষণ, প্রাপ্ত তথ্য-প্রমাণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং প্রয়োজনীয় সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্তের প্রয়োজনে কমিটি স্বাস্থ্য অধিদপ্তর বা এর আওতাধীন প্রতিষ্ঠানের যেকোনো কর্মকর্তাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে।
এর আগে বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর মহাখালীতে আইইডিসিআরের পরিচালকের কার্যালয়ে অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকিরকে মারধরের ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) একদল নেতাকর্মী এ ঘটনায় জড়িত। এতে নেতৃত্ব দেন ড্যাবের কেন্দ্রীয় সহ-আইনবিষয়ক সম্পাদক ডা. জাহিদ হাসান রিপক।
এ ঘটনায় ডা. জাহিদ হাসান রিপকের প্রাথমিক সদস্যপদ স্থগিত করেছে ড্যাব। পাশাপাশি তাকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।