বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


শাকিলের জানাজায় এমপির বিরুদ্ধে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, পরে শপিং মলে লুট
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৩:২৩ পিএম  (ভিজিট : ৭)
নাটোরের গুরুদাসপুরে নিহত ছাত্রদল নেতা শাকিল ইসলামের জানাজার সময় সংসদ সদস্য আব্দুল আজিজের উদ্দেশে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে স্থানীয় লোকজন। তিনি শাকিল হত্যা মামলায় গ্রেপ্তার নুরুজ্জামান মিন্টুর বাবা ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের এমপি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গুরুদাসপুরের শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। জানাজার পর চাঁচকৈড় বাজারে রাশ আরবানী শপিং মলে ভাঙচুর ও লুটপাট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানাজায় অংশ নিয়ে সংসদ সদস্য আব্দুল আজিজ বলেন, ‘প্রিয় ভাইয়েরা আমার, আমার একটা কথা শুনতে হবে দাদারা’—এ কথা বলার পরপরই উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিদের একাংশ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। পরিস্থিতির কারণে বক্তব্য শেষ করেন সংসদ সদস্য।

এ সময় আব্দুল আজিজ মাইকে ঘোষণা দেন, তার ছেলেও যদি হত্যাকাণ্ডে জড়িত থাকে, তাহলে তিনি ছেলের পাশে নয়, শাকিলের পাশেই থাকবেন।

পরে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বক্তব্য দেন। তিনি বলেন, ছাত্রদলের রাজনীতি করেই তিনি আজকের অবস্থানে এসেছেন। তাই ছাত্রদল নেতা শাকিল হত্যার বিচার হবেই।

এরপর সংসদ সদস্য আব্দুল আজিজ নিহতের পরিবারকে তার পক্ষ থেকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিলে আবারও উত্তেজনা দেখা দেয়। 

শাকিলের জানাজা শেষে চাঁচকৈড় বাজারে প্রবাসী রাসেলের মালিকানাধীন রাশ আরবানী শপিং মলে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। তবে এর সঙ্গে কারা জড়িত এবং ক্ষতির বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

স্থানীয়রা জানান, জানাজা শেষে রাত ১১টার দিকে মুসল্লিদের একটি অংশ মিছিল নিয়ে চাঁচকৈড় বাজারে যান। সেখানে আমেরিকাপ্রবাসী রাসেলের ‘রাস আরবান স্টাইল’ নামের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

এ সময় দোকান থেকে মালামাল নিয়ে যেতে দেখা যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

শাকিলের বাবা রবিউল করিমের (রবিউল মিস্ত্রি) অভিযোগ, তার ছেলেকে কুপিয়ে আহত করার পর মামলার এজাহারে আমেরিকাপ্রবাসী রাসেলের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে সংসদ সদস্য আবদুল আজিজের নির্দেশে পরে সেই নাম বাদ দেওয়া হয়। মিন্টুকে গ্রেপ্তার করা হলেও এ ঘটনায় অন্য কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ বলে দাবি করেন তিনি।

শাকিলের বাবা জানান, তার ছেলের সঙ্গে যারা হত্যাকাণ্ডে জড়িত, তাদের শাস্তি হোক—এটাই তার চাওয়া। ব্যক্তিগত কোনো প্রতিশোধ নয়, ছেলের হত্যার বিচারই এখন তার একমাত্র দাবি।

গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে চাঁচকৈড় বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম। পথে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ১৯ অক্টোবর শাকিলের বাবা গুরুদাসপুর থানায় মামলা করেন। তার মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গুরুদাসপুর থানার ওসি আব্দুল হান্নান বলেন, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় কেউ মামলা করেননি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার
ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার সংসদ সদস্য আবদুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে দল থেকে বহিষ্কার করেছে যুবদল। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার (২৭ অক্টোবর) কেন্দ্রীয় যুবদল এ সিদ্ধান্ত নেয়।

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রাতৃপ্রতিম সংগঠনের সহযোদ্ধার প্রাণহানির মতো গুরুতর কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টুকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]