দেশে ২০২০ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় সাড়ে ছয় বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশু নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২ হাজার ৯৫৮ জন মোটরসাইকেলের চালক বা আরোহী ছিল, যা মোট শিশুমৃত্যুর ৩৭ দশমিক ১৪ শতাংশ।
এ ছাড়া একই সময়ে পথচারী হিসেবে সড়ক দুর্ঘটনায় মারা গেছে ২ হাজার ৮১২ শিশু। সড়ক ব্যবস্থাপনার দুর্বলতা, মানুষের অসচেতনতা এবং শিশুদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবহনব্যবস্থার ঘাটতিকে এসব মৃত্যুর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
বুধবার (২১ অক্টোবর) সকালে সংগঠনটির নির্বাহী পরিচালক সাইদুর রহমানের স্বাক্ষর করা এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়। ২০২০ থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সড়ক দুর্ঘটনার তথ্য পর্যালোচনা করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নিহত শিশুদের মধ্যে ১৩ থেকে ১৭ বছর বয়সী ৩ হাজার ৫৪৭ জন। মোট শিশুমৃত্যুর ৪৪ দশমিক ৫৪ শতাংশই এই বয়সী। ৬ থেকে ১২ বছর বয়সী ২ হাজার ৮৮৪ শিশু এবং শূন্য থেকে ৫ বছর বয়সী ১ হাজার ৫৩২ শিশু সড়ক দুর্ঘটনায় মারা গেছে।
সড়কের ধরন বিবেচনায় সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়েছে গ্রামীণ সড়কে। এই সময়ে গ্রামীণ সড়কে ২ হাজার ৭১৩ শিশু নিহত হয়েছে। আঞ্চলিক সড়কে মারা গেছে ২ হাজার ৮২ জন, মহাসড়কে ১ হাজার ৯৭৪ জন এবং শহরের সড়কে ১ হাজার ১৯৪ শিশু প্রাণ হারিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বসতবাড়ির কাছ দিয়ে যাওয়া গ্রামীণ সড়কগুলোতে যানবাহন চলাচলের নিয়ম যথাযথভাবে মানা ও তদারকির ঘাটতি থাকায় শিশুরা বেশি ঝুঁকির মধ্যে পড়ছে।
পথচারী হিসেবে নিহত শিশুদের মধ্যে ১ হাজার ২৭১ জন থ্রি-হুইলারের ধাক্কা বা চাপায় মারা গেছে। সময়ের হিসাবে বিকেলে সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিহত হয়েছে ২ হাজার ৬৩৪ শিশু।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ২ হাজার ৫১৩ শিশু।
শিশুদের সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও পঙ্গুত্বের হার কমাতে রোড সেফটি ফাউন্ডেশন ছয়টি সুপারিশ দিয়েছে। এর মধ্যে রয়েছে শিশুদের উপযোগী নিরাপদ সড়ক ও পরিবহনব্যবস্থা নিশ্চিত করা, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানো এবং অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালকদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া।
এ ছাড়া জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা সম্প্রসারণ, সড়ক দুর্ঘটনায় আহত শিশুদের চিকিৎসার জন্য বিশেষ সরকারি তহবিল গঠন এবং সড়ক পরিবহন আইন-২০১৮ যথাযথভাবে বাস্তবায়নের সুপারিশ করেছে সংগঠনটি।
প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনায় শিশুদের মৃত্যু ও স্থায়ী পঙ্গুত্ব দেশের জন্য বড় ধরনের ক্ষতি। ভবিষ্যৎ প্রজন্মকে সড়ক দুর্ঘটনার ঝুঁকি থেকে রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন | উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত। ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]