প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৩:১৪ পিএম
(ভিজিট : ২৩)
বিএনপির নেত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টির ছেড়ে দেওয়া শূন্য আসনে উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্রে প্রস্তাবক ও সমর্থকদের স্বাক্ষর যাচাইয়ে সংসদ সদস্যদের স্বাক্ষরসম্বলিত তালিকা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২১ অক্টোবর) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো.মঈন উদ্দীন খান এসংক্রান্ত চিঠি ইতিমধ্যে সংসদ সচিবালয়ের সচিবকে পাঠিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৬ অক্টোবর।
দাখিলকৃত মনোনয়নপত্রসমূহ নির্বাচন কমিশন সচিবালয়ে ২৭ অক্টোবর সময়সূচি অনুযায়ী বাছাই করা হবে। মনোনয়নপত্র বাছাইকালে মনোনয়নপত্রে প্রস্তাবক ও সমর্থক হিসেবে সংসদ সদস্যদের স্বাক্ষর/অনুস্বাক্ষর যাচাই করার প্রয়োজন হবে।
উল্লেখিত কারণে মনোনয়নপত্র বাছাইয়ের সময় সংসদ সদস্যদের স্বাক্ষরসম্বলিত তালিকাসহ জাতীয় সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা উপস্থিত থাকা প্রয়োজন।
এতে আরো বলা হয়, মনোনয়নপত্র বাছাইয়ের দিন, অর্থাৎ ২৭ অক্টোবর সময়সূচি অনুযায়ী সংসদ সদস্যগণের স্বাক্ষরসম্বলিত তালিকাসহ একজন কর্মকর্তাকে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে হবে।
তফসিল অনুযায়ী, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৮ অক্টোবর। আপিল নিষ্পত্তি ২৯ অক্টোবর।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর। প্রতীক বরাদ্দ হবে ২ নভেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর।
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম সামনে এলে প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করে তিনি। এর পরই সংসদ সচিবালয় মিষ্টির আসন শূন্য ঘোষণা করে।