প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:৫০ এএম
(ভিজিট : ১১)
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হবে আজ।
সোমবার (৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।
এদিন রাষ্ট্রপক্ষে (প্রসিকিউশন) পঞ্চম সাক্ষী জবানবন্দি দেবেন। গত ২৮ সেপ্টেম্বর এ মামলায় চতুর্থ সাক্ষী হিসেবে জবানবন্দি দেন জুলাইযোদ্ধা হান্নান মিয়া। ট্রাইব্যুনালের সামনে তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা তুলে ধরার পাশাপাশি সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, রাশেদ খান মেননসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মামলায় কামরুল ও মেনন দুজনই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিন থাকায় আজ তাদের ট্রাইব্যুনালে হাজির করা হবে।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে বিভিন্ন উসকানি দিয়েছেন কামরুল ও মেনন। তারা আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের শীর্ষ পদে থেকে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর মারণাস্ত্র ব্যবহার ও কারফিউ জারির প্ররোচনা দেন। তাদের ধারাবাহিক ষড়যন্ত্রে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে রাজধানীর বাড্ডাসহ আশপাশ এলাকায় ২৩ জন নিহত হন। আহত হন আরও অনেকে।