প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১০:৪৬ পিএম
(ভিজিট : ১৫)
এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বছরের পর বছর ফেল করার সংস্কৃতি চলতে দেওয়া হবে না। শিক্ষার্থীদের অহেতুক সময় নষ্ট করে একটি বছর পার করার সুযোগও আর দেবে না সরকার।
মঙ্গলবার দুপুরে বগুড়ার শেরপুর উপজেলায় পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মিলনায়তনে ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নবনিয়োগপ্রাপ্ত ৬৫ জন কর্মকর্তার ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সাধারণ শিক্ষাধারায় বারবার অকৃতকার্য হয়ে শিক্ষার্থীরা যেন পিছিয়ে না পড়ে, সে জন্য তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কারিগরি শিক্ষার দিকে পরিচালিত করা হবে। শিক্ষার্থীদের সক্ষমতা অনুযায়ী শিক্ষার উপযুক্ত ধারায় যুক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
দেশে নৈতিকতার অবক্ষয় রোধে সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকার জোর তৎপরতা শুরু করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চতুর্থ শ্রেণি থেকেই বিদ্যালয়গুলোতে সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা ও নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, একটি প্রজন্মকে নৈতিক ও সামাজিকভাবে উন্নত করে গড়ে তুলতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা এবং ‘প্রধানমন্ত্রী গোল্ডকাপ’ চালু করা হয়েছে। এর মাধ্যমে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চা বাড়ানো এবং বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) ভারপ্রাপ্ত সচিব ড. সরদার কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, আরডিএর মহাপরিচালক আব্দুল মজিদ এবং শিক্ষামন্ত্রীর সহধর্মিণী নাজমুন নাহার বেবী উপস্থিত ছিলেন।