বুধবার ● ৭ অক্টোবর ২০২৬ ● ২২ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


৮ মাস পর উৎপাদনে যমুনা সার কারখানা
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১২:১৬ পিএম  (ভিজিট : ১৩)
আট মাস বন্ধ থাকার পর আবারও ইউরিয়া সার উৎপাদনে ফিরেছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় সোমবার মধ্যরাত থেকে দেশের অন্যতম বৃহৎ এ সার কারখানায় পুনরায় উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। এতে কারখানার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে কারখানায় উৎপাদন শুরুর বিষয়টি নিশ্চিত করেন যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আফাজ উদ্দিন।

কারখানা সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে কারখানাটিতে ইউরিয়া উৎপাদন বন্ধ ছিল। যমুনা সার কারখানায় প্রতিদিন প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে। উৎপাদিত সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ কমান্ড এলাকার ১৯টি জেলায় সরবরাহ করা হয়।

কারখানার উৎপাদন শাখার বিভাগীয় প্রধান ফজলুল হক রতন বলেন, বর্তমানে যে গ্যাসের চাপ পাওয়া যাচ্ছে, তাতে কারখানাটিতে প্রতিদিন প্রায় ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন হবে। গ্যাসের চাপ আরও বাড়লে দৈনিক উৎপাদন ১ হাজার ৩৫০ মেট্রিক টন পর্যন্ত হতে পারে।

উৎপাদন পুনরায় শুরুর বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক আফাজ উদ্দিন বলেন, সোমবার রাত ৩টা থেকে ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। কারখানাটি পুনরায় চালুর ক্ষেত্রে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]