সোমবার ● ৫ অক্টোবর ২০২৬ ● ২০ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


ডেঙ্গুতে ব্যর্থতা স্বীকার করুন, জনগণ শান্তিতে ঘুমাবে: শফিকুর রহমান
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ১১:৫১ এএম  (ভিজিট : ১২)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের চোখ এড়িয়ে কোনো কিছু আড়াল করার সুযোগ নেই। এখন আর তথ্য আড়াল করার সময় নয়; মুহূর্তের মধ্যে সবকিছু মানুষের হাতে হাতে পৌঁছে যায়।

তিনি বলেন, ডেঙ্গুতে অতীতে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। সরকারের উচিত এ বিষয়ে ব্যর্থতা স্বীকার করে মানুষের জীবন রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া।

রোববার (৪ অক্টোবর) রাজধানীর মগবাজারের মধুবাগে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা যখন সংসদে এসব বিষয়ে কথা বলি তখন এমনভাবে জবাব দেওয়া হয় যেন বাংলাদেশ উন্নত বিশ্বের একটি দেশে পরিণত হয়েছে এবং এখানে কোনো সমস্যা নেই। প্রথমে বলা হয় কোনো সমস্যা নেই পরে আবার সমস্যা থাকার কথা স্বীকার করা হয়।’

ডেঙ্গুর চিকিৎসায় বিশ্বে কার্যকর ওষুধ থাকলে তা দেশে সহজলভ্য করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারিভাবে আনার মতো তহবিল না থাকলে বেসরকারি খাতের জন্য বাজার উন্মুক্ত করে দেওয়া উচিত। মানুষের জীবন বাঁচানোর জন্য প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ ও ওষুধ সহজলভ্য করতে হবে।

জামায়াত আমির বলেন, দুর্যোগ এলে জামায়াতে ইসলামী বসে থাকে না। ডেঙ্গুকে তারা মহামারির মতো গুরুত্ব দিয়ে দেখছেন। এ কারণে ৪ থেকে ১০ অক্টোবর ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালন করা হচ্ছে। শুধু লিফলেট বিতরণ নয়, জনগণকে সচেতন করার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে ভূমিকা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমরা সরকারকে বার্তা দিতে চাই—আমাদের কোনো সরকারি তহবিল দেওয়া হয়নি। আমাদের কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের নিজস্ব অর্থেই আমরা মাঠে নেমেছি। সরকার জনগণের টাকার দায়িত্বশীল, জনগণের ট্যাক্সের পাহারাদার। জনগণের দায়িত্ব সরকারকেই নিতে হবে।’

সরকারের দায়িত্ব প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‌‘সরকারকে আমরা ঘুমাতে দেব না। সরকারের কাজ জনগণকে ঘুম পাড়ানো নয়। জনগণ শান্তিতে ঘুমাবে, সরকার পাহারা দেবে—এটাই সরকারের কাজ।’

ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফুলের টব, পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমে থাকে সেসব জায়গা পরিষ্কার রাখতে হবে। একই সঙ্গে মশা নিধনে বাস্তবসম্মত কর্মসূচি দ্রুত গ্রহণ এবং আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থীদের নেতৃত্বে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে ঘরে ঘরে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার জন্য সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, লোক দেখানো বা ফটোসেশনের জন্য নয়, মানুষের কল্যাণে কার্যকরভাবে কাজ করতে চান তারা। এ কাজে জনগণের সর্বাত্মক সহযোগিতাও কামনা করেন তিনি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]