শনিবার ● ৩ অক্টোবর ২০২৬ ● ১৮ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


জামায়াত ভবিষ্যতে ক্ষমতায় গেলে নেতারা আ. লীগের মন্ত্রীদেরও ছাড়িয়ে যাবেন: রাশেদ খান
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১০:০৯ পিএম  (ভিজিট : ৮)
ক্ষমতায় যাওয়ার আগেই জামায়াতে ইসলামীর কিছু নেতার ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও বক্তব্য ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তির আশঙ্কা তৈরি করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। 

তিনি বলেন, এ ধরনের নেতারা ভবিষ্যতে ক্ষমতায় গেলে বিগত সরকারের মন্ত্রী-নেতাদেরও ছাড়িয়ে যাবেন।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তব্য প্রদানকালে তিনি এ মন্তব্য করেন। 

মতবিনিময় সভায় রাশেদ খান বলেন, দেশের এই মুহূর্তে জামায়াতে ইসলামীর ভেতরের এক শ্রেণির নেতাকর্মীর মধ্যে ক্ষমতায় যাওয়ার এক অবাস্তব স্বপ্ন তৈরি হয়েছে, যার ফলে তারা নিজেরাই বিভ্রান্তির শিকার হচ্ছেন। অথচ দেশ পরিচালনার ন্যূনতম সক্ষমতা বা পারফরম্যান্স জাতীয় সংসদে তাদের এমপিদের কার্যক্রমেও ফুটে ওঠে না। 

জামায়াত ইসলামকে উদ্দেশ করে তিনি বলেন, আপনারা আরও সময় নিয়ে নিজেদেরকে তৈরি করুন। এরপরে না হয় আপনারা দেশ পরিচালনা করার জন্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু জনগণ এই মুহূর্তে কোনো সরকারবিরোধী আন্দোলন দেখতে চায় না।

তিনি বলেন, জনগণ এই মুহূর্তে প্রত্যাশা করে গণঅভ্যুত্থানের শক্তি এবং বিরোধী দল সবাই মিলে একতাবদ্ধ হয়ে একটি বৈষম্যহীন রাষ্ট্র পুনর্গঠনে কাজ করবে। কিন্তু জামায়াত ও এনসিপির মধ্যে সেই শুভ বুদ্ধির উদয় হচ্ছে না। প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে যেখানে বলেছেন, আপনি ছাড়া আমি না, আমি ছাড়া আপনি না, আমরা একে অপরের পরিপূরক, সেখানে জামায়াত ও তাদের সহযোগীরা উল্টো পথে হাঁটছে।

ইসলামিক দলগুলোর রাজনৈতিক আচরণের সমালোচনা করে রাশেদ খান বলেন, একটি দল ইসলামের লেবাস পরে ইসলামিক মূল্যবোধের বুকে ছুরি মারছে। নির্বাচনের আগে জান্নাতের টিকিটের নামে মা-বোনদের বিভ্রান্ত করা হয়েছে, অথচ জান্নাতের টিকিট দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কিন্তু জামায়াত এখনো সেই পুরনো পায়তারা চালিয়ে যাচ্ছে। বিদেশি বৈঠকে এক কথা আর দেশের জনগণের সামনে আরেক কথা বলে তারা শরীয়া আইন ও কুরআনের আইন নিয়ে দ্বিমুখী নীতি অবলম্বন করছে।

তিনি উল্লেখ করেন, বিএনপির একজন সংরক্ষিত নারী এমপিকে দলের পক্ষ থেকে পদত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়েছিল, কারণ তার বিরুদ্ধে বিভিন্ন সংবাদ প্রকাশিত হচ্ছিল। 

অথচ জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামকে পদত্যাগ করতে বাধ্য করা হয়নি। যদি তাকে পদত্যাগ করতে বাধ্য করা হতো, তবে মরিয়মকে হয়তো আত্মহত্যার মতো মর্মান্তিক পথ বেছে নিতে হতো না। 

মরিয়মের আত্মহত্যার দায় দল হিসেবে জামায়াত এড়াতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিএনপি অতীতে জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেও রাজপথ ছাড়েনি, অথচ জামায়াত নেতারা আত্মগোপনে চলে গিয়েছিল। জামায়াত নেতারা বিভিন্ন সময় অপরাধ করলেও তা অভ্যন্তরীণভাবে ধামাচাপা দেয়। 

জামায়াতের মনোনীত এমপি প্রার্থী ও বিভিন্ন নেতার বিতর্কিত কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে তিনি বলেন, আবরার ফাহাদের খুনিদের আইনজীবী হওয়া ব্যক্তিকে তারা মনোনয়ন দিয়ে পুরস্কৃত করেছে।

চট্টগ্রামের জামায়াত নেতা ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীর সাম্প্রতিক এক মন্তব্যের প্রতি ইঙ্গিত করে রাশেদ খান বলেন, যিনি বলেন আল্লাহ নাকি সিদ্ধান্ত নিয়েছে জামায়াতকে ক্ষমতায় আনবে এবং প্রশাসনকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার হুংকার দেন, তিনি ক্ষমতায় গেলে ওবায়দুল কাদের বা শেখ হাসিনাকেও হার মানাবেন। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]