প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১২:০৮ পিএম
(ভিজিট : ১৪)
রাজধানীর হাতিরঝিলে পূর্ব বিরোধের জেরে সোহান (৪৫) নামে এক ব্যক্তিকে অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত করার পর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে যুবদলের সাবেক ও বহিষ্কৃত আহ্বায়ক ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮ টা ১০ মিনিটের দিকে বাংলা মোটর মোড়ের পুরাতন পাম্পের গলিতে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হয়।
রাত সাড়ে ১০ টার দিকে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় থানা পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় একটি বিরোধের জেরে সোহানের সঙ্গে ফেরদৌস আহাম্মেদ সাইমনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাইমন অস্ত্রের বাট দিয়ে সোহানের মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত হন। পরে সাইমন সেখানে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে চলে যান।
আহত সোহানের বাড়ি ৬২/এ, নিউ ইস্কাটন এলাকায় বলে পুলিশ জানিয়েছে।
এই ঘটনার জেরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বাংলামোটর এলাকায় বিক্ষোভ মিছিল করছে। ঘটনার পর এক যুবদল নেতাকে ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।