শনিবার ● ৩ অক্টোবর ২০২৬ ● ১৮ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


রুশ ভূখণ্ডে হামলা হলে সব ধরনের অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি পুতিনের
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১১:৫৬ এএম  (ভিজিট : ১৪)
রাশিয়ার ভূখণ্ডে কোনো ধরনের হামলা হলে দেশের হাতে থাকা ‘সব অস্ত্র’ ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ইউরোপীয় কোনো দেশে হামলার পরিকল্পনা রাশিয়ার নেই বলেও আবারও দাবি করেছেন তিনি।

শুক্রবার এবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার ভালদাই ক্লাবের এক পররাষ্ট্রনীতি বিষয়ক ফোরামে বক্তব্য দেওয়ার সময় পুতিন বলেন, মস্কো ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে চায় না। তবে রাশিয়ার ওপর সরাসরি হামলা হলে তার জবাব দেওয়া হবে।

পুতিনের অভিযোগ, ইউরোপ ও পশ্চিমা দেশগুলো আগামী কয়েক বছরে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতির কথা বলে উত্তেজনা বাড়াচ্ছে। একই সঙ্গে বাল্টিক সাগরে সামরিক মহড়া এবং রুশ জাহাজ জব্দ করার মতো কর্মকাণ্ডের মাধ্যমেও উত্তেজনা তৈরি করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

পুতিনের এ বক্তব্যের আগে ন্যাটোকে সতর্ক করেছিল মস্কো। রাশিয়ার ভূখণ্ড থেকে কালিনিনগ্রাদকে বিচ্ছিন্ন করার কোনো চেষ্টা হলে ওই অঞ্চল রক্ষায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনার কথাও জানিয়েছিল রুশ কর্তৃপক্ষ।

ইউরোপে রাশিয়ার কয়েকটি দূতাবাস চলতি সপ্তাহে বিবৃতি দিয়ে দাবি করেছে, কালিনিনগ্রাদ ও এর আশপাশে বিমান ও নৌ অবরোধের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো। ইউরোপীয় নেতাদের বিরুদ্ধে ‘বিপজ্জনক খেলা’ খেলার অভিযোগও করেছে মস্কো। রাশিয়ার দাবি, তারা রাশিয়ার অন্য কোনো দেশে হামলা চালাতে পারে বা ড্রোন ও নাশকতার মাধ্যমে অস্থিতিশীলতা বাড়াতে পারে, এমন অভিযোগ ভিত্তিহীন।

আয়ারল্যান্ডে রাশিয়ার দূতাবাস মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছিল, ন্যাটোভুক্ত কোনো দেশ কালিনিনগ্রাদকে রাশিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করলে নিজেদের ভূখণ্ড রক্ষায় রাশিয়া পারমাণবিক অস্ত্রসহ সব ধরনের অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত থাকবে।

বৃহস্পতিবার ভালদাই ক্লাবের অনুষ্ঠানে পুতিনকে প্রশ্ন করা হয়, রাশিয়া ও ন্যাটো কি সরাসরি যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে, নাকি উভয় পক্ষ একে অপরকে ভয় দেখানোর চেষ্টা করছে। জবাবে তিনি বলেন, এটি ভয় দেখানো নয়; বরং রাশিয়াকে ভয় দেখানোর প্রচেষ্টার প্রতিক্রিয়া।

কালিনিনগ্রাদ বা রাশিয়ার অন্য কোনো ভূখণ্ডে সরাসরি হামলা হলে পরিস্থিতি ‘অনিবার্যভাবে এবং তাৎক্ষণিকভাবে’ দেশের হাতে থাকা সব অস্ত্র ব্যবহারের বিষয়টি সামনে নিয়ে আসবে বলেও মন্তব্য করেন পুতিন।

তবে তিনি সরাসরি বলেননি যে এমন পরিস্থিতিতে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে কি না। পুতিন বলেন, রাশিয়ার কাছে এমন কিছু অস্ত্র রয়েছে, যা অন্য কোনো দেশের নেই। হামলার পরিস্থিতিতে কোন অস্ত্র ব্যবহার করা হবে, সেটি মস্কোই নির্ধারণ করবে।

রাশিয়া ও ন্যাটোর মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে পুতিনের সর্বশেষ মন্তব্যকে নতুন করে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]