সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬ ● ১৩ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


এআইফোরবিটি গ্লোবাল সামিট ২০২৬
এআই-নেটিভ এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন নিয়ে আলোচনায় শেষ প্রথম দিন
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৩ পিএম  (ভিজিট : ৬৩)
এআই গ্রহণের সাধারণ ধারা থেকে এআই-নেটিভ এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশনে উত্তরণ, এআই গভর্ন্যান্স, ইআরপি ট্রান্সফরমেশন ও এজেন্টিক এআই নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী ‘এআইফোরবিটি গ্লোবাল সামিট ২০২৬’-এর প্রথম দিনের আয়োজন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সম্পূর্ণ ভার্চুয়ালি আয়োজিত এ সামিটে বৈশ্বিক পর্যায়ের বিভিন্ন খাতের নেতা, এআই বিশেষজ্ঞ ও এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্র্যাকটিশনাররা অংশ নেন। প্রথম দিনে মূল প্রবন্ধ উপস্থাপন, লাইভ ডেমো ও গোলটেবিল আলোচনায় প্রতিষ্ঠানে এআই ব্যবহারের ভবিষ্যৎ ও রূপান্তরের বিভিন্ন দিক উঠে আসে।

সামিটের উদ্বোধন করেন এআইফোরবিটি গ্লোবালের সহপ্রতিষ্ঠাতা, সিইও ও এন্টারপ্রাইজ এআই ট্রান্সফরমেশন কোচ মাহমুদুল হাসান। তিনি প্রতিষ্ঠানগুলোতে স্কেলেবল ও এআইভিত্তিক অবকাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

প্রথম দিনের অন্যতম বক্তা বিজনেস এআই ট্রান্সফরমেশন আর্কিটেক্ট, মেটামরফোসিসের প্রতিষ্ঠাতা ও চিফ অপারেটিং অফিসার (সিওও) সাদিক এম আলম এআইয়ের মাধ্যমে ব্যবসা রূপান্তরের বিভিন্ন দিক তুলে ধরেন। বাংলাদেশ, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে এ খাতে ১৮ বছরের বেশি সময়ের অভিজ্ঞতার আলোকে তিনি তার বক্তব্য উপস্থাপন করেন।

এন্টারপ্রাইজ এজাইল কোচ ও ট্রান্সফরমেশন কনসালট্যান্ট মামুন মোরশেদ তার বক্তব্যে এন্টারপ্রাইজ এজাইলিটি, প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস (পিএমও) গভর্ন্যান্স ও ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়ে বৈশ্বিক পর্যায়ে দুই দশকের অভিজ্ঞতা তুলে ধরেন। এএলডিও গ্রুপ, গ্রামীণফোন, বিকাশ ও এয়ারটেলের মতো প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতার বিভিন্ন দিকও আলোচনায় উঠে আসে।

যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হন সারা করনেট। ‘এআই স্ট্র্যাটেজি অ্যান্ড রেসপনসিবল এআই গভর্ন্যান্স ফর এন্টারপ্রাইজেস’ বিষয়ে তিনি বক্তব্য দেন। ব্যাংকিং, আর্থিক প্রতিষ্ঠান ও ঝুঁকিসংবেদনশীল পরিবেশে কাজের অভিজ্ঞতার আলোকে প্রতিষ্ঠানগুলোতে এআই গভর্ন্যান্স ও ট্রান্সফরমেশন রোডম্যাপ তৈরির বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।

প্রথম দিনের অন্যতম আকর্ষণ ছিল ‘সি-লেভেল থিংকিং অ্যাবাউট দ্য এআই-নেটিভ অর্গানাইজেশন’ শীর্ষক গোলটেবিল আলোচনা। এতে এআইভিত্তিক রূপান্তরের ক্ষেত্রে ব্যবসায়িক কৌশল, জনবল, কার্যক্রম, প্রযুক্তি ও পরিচালনব্যবস্থাকে কীভাবে নতুন করে বিবেচনা করা যায়, তা নিয়ে আলোচনা হয়।

গোলটেবিল আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুর রাজ্জাক, গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ও সোনালী ব্যাংক পিএলসির বোর্ড ডিরেক্টর ড. আসিফ নাইমুর রশিদ, বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন ও সাপ্লাই চেইন অ্যান্ড লজিস্টিকসের সাবেক সিইও মো. আবুল হোসেন, নবায়নযোগ্য জ্বালানি খাতের বিশেষজ্ঞ ও ব্যবসায়ী নেতা রফিকুল ইসলাম, কিউএসবিএলের প্রতিষ্ঠাতা ও সিইও এবং বেসিস ফোরাম কোয়ান্টাম সেফের আহ্বায়ক মুজতবা সাত্তার অনন্ত এবং ম্যানেজমেন্ট কনসালট্যান্ট, বিজনেস স্ট্র্যাটেজিস্ট ও এআইবিষয়ক বক্তা মার্ক অনুপম মল্লিক।

প্যানেল আলোচনা শেষে ট্রান্সফরমেটিভ লিডারশিপ নিয়ে বক্তব্য দেন জন ম্যাক্সওয়েল সার্টিফায়েড কোচ ও ট্রেইনার এবং থ্যাংকসকার্বন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. পিটার কে. ইউন। প্রযুক্তি, টেকসইত্ব, নেতৃত্ব ও কমিউনিটি উন্নয়নে তার কাজের অভিজ্ঞতার বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।

পরে সামিটের দুই সহউপস্থাপক সাদিক এম আলম ও মাহমুদুল হাসান প্রথম দিনের আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন। সমাপনী বক্তব্যে তারা বলেন, প্রতিষ্ঠানের ভবিষ্যৎ শুধু এআই টুল ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং প্রতিষ্ঠানগুলোকে কৌশলগতভাবে এআই-নেটিভ কাঠামোয় রূপান্তরের বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]