প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৭ পিএম
(ভিজিট : ৮)
জিয়া পরিবারের তৃতীয় সদস্য জাতিসংঘে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিহাস সৃষ্টি করেছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা তুলে ধরেছেন।
জাতিসংঘের অধিবেশনে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে তাঁতী দল আয়োজিত সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
বিরোধী দলকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘বিরোধী দলকে বলবো জ্বালাও-পোড়াও আন্দোলনের দিকে যাবেন না। আসুন এক সঙ্গে দেশটাকে গড়ে তুলি।’
বিরোধী দল সংসদের বাইরে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে বলে দাবি করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী। তাদের এই কর্মকাণ্ড জনগণ পছন্দ করছে না বলে মন্তব্য করেন তিনি।
এ সময় ক্ষমতায় যাওয়ার জন্য দেশে বিশৃঙ্খলা সৃষ্টি না করে বিরোধীদলকে দায়িত্বশীল ভূমিকা পালন করার অনুরোধ জানান তিনি। বলেন, ‘এই সরকার জনগণের নির্বাচনে নির্বাচিত সরকার, হুমকি দিয়ে এই সরকারে ফেলানো যাবে না।’
দেশকে শাসন নয়, বর্তমান সরকার সেবা দেওয়ার দায়িত্ব পালন করছে দাবি করে মন্ত্রী বলেন, ‘সরকার সঠিকভাবে দেশ পরিচালনা না করলে জনগণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জবাব দেবে।’