প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৬ পিএম
(ভিজিট : ১১)
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর দেশের দূরপাল্লা ও নগর পরিবহনের বাস ভাড়া বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লা ও শহরের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ১৭ পয়সা করে বাড়বে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক বৈঠকে ভাড়া সমন্বয়ের এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন ভাড়া কার্যকর করা হবে।
এর আগে সোমবার রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে বাস ভাড়া সমন্বয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল।
বৈঠকে পরিবহন মালিকরা দ্রুত নতুন ভাড়ার প্রজ্ঞাপন জারির অনুরোধ জানান। তাদের আশঙ্কা, নতুন ভাড়া নির্ধারণে বিলম্ব হলে বাড়তি দামে জ্বালানি কিনে বিভিন্ন রুটে ভাড়া আদায়ে বিশৃঙ্খলা তৈরি হতে পারে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম বলেন, আগেরবার শুধু জ্বালানির মূল্যবৃদ্ধি বিবেচনায় নিয়ে বাস ভাড়া বাড়ানো হয়েছিল। এরপর যন্ত্রাংশসহ পরিবহন পরিচালনার অন্যান্য খরচও বেড়েছে। তবে যাত্রীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে এবার জ্বালানির মূল্যবৃদ্ধির হারের ভিত্তিতেই ভাড়া সমন্বয়ে তারা একমত হয়েছেন।
ডিজেলের দাম বেড়েছে লিটারে ২০ টাকা
রোববার রাতে সরকার ডিজেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করে। নতুন দাম ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। বাসসহ দেশের অধিকাংশ গণপরিবহন ডিজেলচালিত হওয়ায় জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে পরিবহন পরিচালনার ব্যয়ও বেড়েছে।
বর্তমানে যে ভাড়া কার্যকর
বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসে ২ টাকা ৪৩ পয়সা। দূরপাল্লার ৫২ আসনের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা।
নতুন ভাড়া কার্যকর হলে ১০০ কিলোমিটার দূরত্বে দূরপাল্লার বাসের মূল ভাড়া ২০ টাকা বাড়বে। এর সঙ্গে সড়ক ও সেতুর টোল যুক্ত হলে যাত্রীদের পরিশোধ করতে হবে আরও বেশি ভাড়া।