মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের দল
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১:০২ পিএম  (ভিজিট : ১২)
রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমা নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থক ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া এগিয়ে রয়েছে। প্রাথমিক ফল অনুযায়ী, দলটি এখন পর্যন্ত ৫৭ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছে।

ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের মধ্যেই তিন দিন ধরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। রবিবার ভোটগ্রহণ শেষ হয়েছে।
এএনআই নিউজ জানায়, রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী, ইউনাইটেড রাশিয়া অন্য দলগুলোর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। তবে নির্বাচনের চূড়ান্ত ফল ২৫ সেপ্টেম্বরের আগে প্রকাশিত হওয়ার সম্ভাবনা কম।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর এটি রাশিয়ার প্রথম স্টেট ডুমা নির্বাচন। পুতিন এই নির্বাচনকে তার সরকারের সামরিক ও রাজনৈতিক নীতির প্রতি জনগণের সমর্থনের একটি ইঙ্গিত হিসেবে তুলে ধরেছেন। ভোট শুরুর আগে পুতিন বলেছিলেন, ভোটারদের সিদ্ধান্ত ও অংশগ্রহণের মাধ্যমে আবারও বোঝা যাবে যে দেশের অনেক মানুষ ইউক্রেনে লড়াইরত রুশ সেনাদের পাশে রয়েছে। তিনি রাশিয়ার জনগণের মধ্যে অভিন্ন মূল্যবোধ, ইতিহাসের স্মৃতি ও দেশের প্রতি ভালোবাসার কথা উল্লেখ করেন।

কঠোর রাজনৈতিক পরিবেশের মধ্যেই এবারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেমলিনের বিরুদ্ধে কার্যকর রাজনৈতিক বিরোধিতা খুবই সীমিত ছিল। রাশিয়ার একমাত্র নিবন্ধিত যুদ্ধবিরোধী দল ইয়াবলোকোকে কেন্দ্রীয় দলীয় তালিকার নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। গত মাসে দেশটির সুপ্রিম কোর্ট দলটিকে নির্বাচনে অংশ নেওয়া থেকে নিষিদ্ধ করে। তবে পুতিন নিজে এবারের নির্বাচনে প্রার্থী ছিলেন না।

২০৩০ সালের আগে তার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার কথা নেই। এর আগে ২০২১ সালের পার্লামেন্ট নির্বাচনে ইউনাইটেড রাশিয়া ৪৫০টি আসনের মধ্যে ৩২৪টিতে জয় পেয়েছিল।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সামরিক উত্তেজনা বাড়ার মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ভোটগ্রহণের শেষ দিন রবিবার ইউক্রেন মস্কো ও আশপাশের এলাকায় এক হাজারের বেশি ড্রোন পাঠায়। রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, এসব হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। একটি বড় তেল শোধনাগারও ক্ষতিগ্রস্ত হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন দাবি করেছেন, নির্বাচন ব্যাহত করার উদ্দেশ্যে এসব হামলা পরিকল্পনা করে চালানো হয়েছিল। তবে ইউক্রেন এই দাবি নিশ্চিত করেনি। এবারের নির্বাচনে ভোটার উপস্থিতির দিকেও নজর ছিল। রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশজুড়ে মোট ৫৬ দশমিক ৬৬ শতাংশ ভোট পড়েছে। রাজধানী মস্কোতে ভোটারদের অংশগ্রহণ তুলনামূলক বেশি ছিল।
 
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বাসযোগ্য বিরোধী দলের অংশগ্রহণ সীমিত থাকায় নির্বাচনের ফলাফল অনেকটাই অনুমানযোগ্য ছিল। তাই ভোটার উপস্থিতি এবং ৪৫০টি ডুমা আসন শেষ পর্যন্ত বিভিন্ন দলের মধ্যে কিভাবে ভাগ হয়, তা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নির্বাচনের ফলাফলকে প্রেসিডেন্ট পুতিন ও তার সরকারের নীতির প্রতি দেশের মানুষের সমর্থনের প্রমাণ হিসেবে তুলে ধরতে পারে রাশিয়া। এর মধ্যে ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানও রয়েছে। ফলে এই নির্বাচনের ফল শুধু পার্লামেন্টের আসন বণ্টন নয়, রাশিয়ার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বোঝার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

রাশিয়ার বাইরে থাকা নাগরিকেরাও তিন দিনব্যাপী এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। ভারতে থাকা রুশ নাগরিকদের জন্য দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই ও গোয়ায় মোট পাঁচটি ভোটকেন্দ্র স্থাপন করা হয়। নয়াদিল্লিতে ভোট দিয়েছেন ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত দেনিস আলিপভ। রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ হওয়ার কথা রয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]