মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩১ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


যুক্তরাষ্ট্রে দুই মাসে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ১১.৪২ শতাংশ
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৪ এএম  (ভিজিট : ৮)
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে দেশটিতে পোশাক রপ্তানি থেকে বাংলাদেশের আয় হয়েছে ১৬১ কোটি ২৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছিল ১৪৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে ১১ দশমিক ৪২ শতাংশ।

খাতসংশ্লিষ্ট প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ অ্যাপারেল ভয়েস’-এর তথ্য ও বিশ্লেষণ অনুযায়ী, বর্তমান প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে চলতি অর্থবছর শেষে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রায় ৮৬২ কোটি ৯০ লাখ মার্কিন ডলারে পৌঁছাতে পারে।

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি থেকে মাসিক গড় আয় হয়েছে ৮০ কোটি ৬৪ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। এর বিপরীতে গত অর্থবছরে মাসিক গড় রপ্তানি আয় ছিল ৬৪ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ডলার। অর্থাৎ, চলতি অর্থবছরে মাসিক গড় রপ্তানি আয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা যায়, জুলাই মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রবৃদ্ধি সামান্য নেতিবাচক ছিল। ওই মাসে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে মাইনাস শূন্য দশমিক ১৮ শতাংশ।

তবে আগস্টে পরিস্থিতির বড় পরিবর্তন ঘটে। ওই মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ২৫ দশমিক ৬৫ শতাংশ, যা দুই মাসের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি।

রপ্তানির এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক খাতের অবস্থান আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি চলতি অর্থবছরে রপ্তানি আয় বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]