প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৯ পিএম
(ভিজিট : ৭)
জাতীয় জাদুঘরে ক্যালিগ্রাফি শিল্প নিয়ে শুরু হয়েছে ছয় দিনব্যাপী মহোৎসব ‘আর্ট অব ফেইথ এক্সিবিশন-২০২৬’। শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টাশালী গ্যালারিতে ইসলামিক কালচারাল অর্গানাইজেশন (আইসিও)-এর আয়োজনে প্রদর্শনীটি শুরু হয়। প্রদর্শনীটি চলবে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।
‘শিল্পে বিশ্বাসের সৌন্দর্য, বিশ্বাসে শিল্পের আলো’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রদর্শনীতে ক্যালিগ্রাফির পাশাপাশি চিত্রকলা, রেজিন আর্ট, টেক্সচার আর্ট, মিশ্র মাধ্যম, ভাস্কর্য ও সিরামিকের কাজ থাকছে।
আয়োজকদের দাবি, দেশে জাতীয় পর্যায়ে ক্যালিগ্রাফি নিয়ে এত বড় পরিসরের আয়োজন এবারই প্রথম। প্রদর্শনীতে দেশ-বিদেশের দুই শতাধিক শিল্পী অংশ নিচ্ছেন।
এর মধ্যে ১২ জন বিশেষ অতিথি শিল্পী, ৩২ জন আয়োজক শিল্পী ও ১৩২ জন অংশগ্রহণকারী শিল্পী রয়েছেন। এ ছাড়া দেশের বিভিন্ন প্রান্তের প্রতিষ্ঠিত ও নবীন শিল্পীরাও এতে অংশ নিচ্ছেন।
আন্তর্জাতিক অতিথি হিসেবে ভারতের গুজরাট থেকে অংশ নিচ্ছেন ‘কালচার টু আর্ট অব ইন্ডিয়া’র পরিচালক গৌরী ইউসুফ হুসেন। শিশু শিল্পীদের ক্যালিগ্রাফি নিয়ে থাকছে আলাদা ‘শিশু কর্নার’।
শুক্রবার সন্ধ্যা ৬টায় প্রদর্শনীটি সবার জন্য খুলে দেওয়া হয়। প্রথম দিন রাত ৭টা পর্যন্ত তা খোলা থাকে। ১২ থেকে ১৬ সেপ্টেম্বর প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দর্শনার্থীরা প্রদর্শনী দেখতে পারবেন।
ইসলামিক কালচারাল অর্গানাইজেশনের সভাপতি ইসমাইল হুসাইন বলেন, ‘বাংলাদেশে ক্যালিগ্রাফি শিল্প নিয়ে জাতীয়ভাবে এত বড় আয়োজন এটিই প্রথম। ঐতিহ্যবাহী ইসলামী শিল্পচর্চার সাথে সমকালীন সৃজনশীলতার যোগসূত্র তৈরি করাই এ আয়োজনের লক্ষ্য।