রবিবার ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


সিফাতের অতিরিক্ত বিলের অভিযোগ, পল্লী বিদ্যুতের তদন্তে মিলল ভিন্ন চিত্র
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪২ পিএম  (ভিজিট : ১)
অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে ফেসবুকে প্রধানমন্ত্রী এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে কুরুচিপূর্ণ গালাগালের ভিডিও প্রকাশ করেছিলেন গাজীপুরের কলেজছাত্র সিফাত আব্দুল্লাহ। এ ঘটনায় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়।

এদিকে গ্রেপ্তার নিয়ে এনসিপি ও জামায়াতে ইসলামী ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে মুক্তি দাবি করেছে। তবে বিদ্যুৎ বিল বেশি আসার অভিযোগ তদন্ত করে সিফাতের অভিযোগের সত্যতা পায়নি গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি বরং বেরিয়ে এসেছে বিলের উল্টো চিত্র।

সিফাত আব্দুল্লাহ তার ভিডিওতে দাবি করেন, গত দুই মাসে (আগস্ট-জুলাই) তাকে প্রায় ১০ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়েছে। এটি অগ্রহণযোগ্য মনে করে তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘এক মাসের বিদ্যুৎ বিল, একটা পুরো পরিবারকে জিম্মি কইরা ফেলব?’
 
জানা গেছে, শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ বিল বেশি আসার বিষয়টি তদন্ত শুরু করে।

তদন্তে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা দেখতে পান সিফাতে বাবা মো. সেকান্দার আলীর গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের দোতলা বাড়িতে মোট তিনটি আবাসিক বিদ্যুৎ মিটার সংযোগ রয়েছে।

একটি মিটারে গত মে মাসে ৪৫ ইউনিটের বিল ৩১৭ টাকা, জুনে ৫০ ইউনিটের ৩৪২ টাকা, জুলাইয়ে ১৫০ ইউনিটের ১ হাজার ১৮২ টাকা এবং আগস্টে ৭৫ ইউনিটের বিল ৫১৩ টাকা এসেছে। সব মিলিয়ে ওই মিটারে চার মাসে ৩২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে বিল এসেছে ২ হাজার ৩৫৪ টাকা।

অপর একটি মিটারে মে মাসে ২৫০ ইউনিটের বিল ১ হাজার ৮১২ টাকা, জুনে ২০০ ইউনিটের বিল ১ হাজার ৫৮৪ টাকা, জুলাইয়ে ৪০০ ইউনিটের বিল ৩ হাজার ৫৯৪ টাকা এবং আগস্টে ২৮৫ ইউনিটের বিল এসেছে ২ হাজার ৩৯৭ টাকা। এই মিটারটিতে গত চার মাসে মোট ১ হাজার ১৩৫ ইউনিট ব্যবহারে বিল এসেছে ৯ হাজার ৩৮৭ টাকা।

এ ছাড়া তৃতীয় মিটারটিতে মে মাসে ১২৫ ইউনিটের বিল ৮৪৭ টাকা, জুনে ১২০ ইউনিটের বিল ৬৯০ টাকা, জুলাইয়ে ২০৫ ইউনিটের বিল ১ হাজার ৬৩৩ টাকা এবং আগস্টে ১৭৫ ইউনিটের বিল এসেছে ১ হাজার ৩৬২ টাকা। চার মাসে ওই মিটারে মোট ৬২৫ ইউনিট ব্যবহার করে বিল এসেছে ৪ হাজার ৫৩২ টাকা। অর্থাৎ মে থেকে আগস্ট ২০২৬ এই চার মাসে তিনটি আবাসিক মিটার মিলিয়ে মোট ২ হাজার ০৮০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে মোট বিল এসেছে ১৬ হাজার ২৭৩ টাকা।

গাজীপুর পল্লী বিদ্যুৎ-১-এর বোর্ডবাজার জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মো. আহসান কবীর কালের কণ্ঠকে জানান, ভিডিওতে সিফাত দাবি করেন, গত দুই মাসে (আগস্ট-জুলাই) তাকে প্রায় ১০ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়েছে।

ভিডিওর বক্তব্য দেখলে মনে হতে পারে একটি মিটারে দুই মাসে ১০ হাজার টাকা বিল এসেছে। যা  মোটেও ঠিক নয়। তাদের তিনটি মিটারে ওই দুই মাসে বিল পরিশোধ করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘জোনাল অফিস থেকে কর্মকর্তারা সিফাতের বাড়িতে গিয়ে বাসায় ইলেকট্রিক পণ্যের প্রকৃত তালিকা সংগ্রহের কথা জানালে পরিবার থেকে অস্বীকৃতি জানানো হয়, এমনকি গেট বন্ধ করে দেওয়া হয়। ইলেকট্রিক পণ্যের ব্যবহার বেশি হলে বিদ্যুৎ বিল বেশি আসাটা স্বাভাবিক। এই জন্যই তারা ঘরে গিয়ে ইলেকট্রিক পণ্যের ব্যবহার সম্পর্কে দেখতে চেয়ে ছিলেন। তার পরও বিল নিয়ে অভিযোগ থাকলে গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হবে।’

গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহকে (২৫) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। পরে এই মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]