শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


প্রধানমন্ত্রী বেশি গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্যক্ষেত্রে: ত্রাণমন্ত্রী
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৯ পিএম  (ভিজিট : ৫)
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্যক্ষেত্রে। জনবল কাঠামো সারা বাংলাদেশেই সংকট রয়েছে।

অল্প সময়ের মধ্যে জনবল নিয়োগ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের যেগুলো চাহিদা আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। সবাই সহযোগিতা করেন, যেন আমি এই হাসপাতালটাকে জনগণের স্বাস্থ্যসেবার সুযোগ তৈরি করে দিতে পারি।’

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, ‘গত ১৭ বছর জুলুম এবং নানা অনিয়ম-দুর্নীতির কারণে শুধু স্বাস্থ্যক্ষেত্র কেন, বাংলাদেশের প্রতিটা খাতই ধ্বংসের শেষ প্রান্তে উপনীত হয়েছে।’

তিনি বলেন, ‘গত সভায় যেগুলো সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেগুলোকে ফলোআপ করার জন্য, কতটা কার্যকরী হয়েছে, কতটা কার্যকরী হচ্ছে না, কেন হচ্ছে না সেই বিষয়টা অনুসন্ধান করার জন্য আমি এসেছি।’

‘এরই মধ্যে আপনারা জানেন যে এই হাসপাতালে আইসিইউ বেডের একটা দাবি ছিল, আমরা অ্যানেস্থেশিয়ার অভাবে দিতে পারিনি, এরই মধ্যে পদায়ন হয়েছে। ​আশা করি আগামী এক মাসের ভেতর নতুন করে আইসিইউ বেড চালু করতে পারব।’
 
রংপুরে সম্প্রতি একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্ত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে মন্ত্রী বলেন, ‘এই হত্যাকাণ্ডকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।

​যদিও এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আলোচনা আছে, তদন্তে হয়তো বিভিন্ন ধরনের উপসর্গ তৈরি হচ্ছে, হয়তো একটু সময় লাগছে। তবে আমরা চাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারে যারা দোষী এবং হত্যাকাণ্ডের পেছনে যদি কেউ জড়িত থাকে, তাদের আইনের আওতায় নিয়ে আসাটাই আমাদের কাছে সবচেয়ে জরুরি।’

পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় যোগ দেন মন্ত্রী। এর আগে সকালে বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয়ের রংপুর আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]