প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১২:৫৭ পিএম
(ভিজিট : ৯)
রাজনৈতিক বিবেচনা বা দলীয় পক্ষপাতিত্ব ছাড়া ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি জানান, সম্প্রতি বাস্তবায়িত পাইলট প্রজেক্টে ত্রুটির হার ছিল মাত্র ১ দশমিক ২ শতাংশ, যা বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত নগণ্য।
রবিবার (৩০ আগস্ট) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত ‘বন্যা-পরবর্তী পুনরুদ্ধার ও পুনর্বাসন সহায়তা’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রাণ ও সহায়তা বিতরণে দক্ষতার ওপর জোর দিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে বিতরণ ব্যবস্থার ত্রুটিতে অতীতে অনেক অপচয় ও দুর্নীতি হয়েছে। সরকারের একার পক্ষে সবকিছু বিতরণ করা কঠিন। তবে বেসরকারি খাত ও এনজিওগুলোকে সম্পৃক্ত করায় বিতরণ প্রক্রিয়ার দক্ষতা বেড়েছে, ফলে অপচয় ও দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে।’ এবারের বন্যা পরবর্তী সহায়তায় এখন পর্যন্ত দুর্নীতির কোনো অভিযোগ পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন।
ফ্যামিলি কার্ড বিতরণের সাফল্য তুলে ধরে তিনি জানান, সম্প্রতি বাস্তবায়িত পাইলট প্রজেক্টে ত্রুটির হার ছিল মাত্র ১.২ শতাংশ, যা বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত নগণ্য। রাজনৈতিক বিবেচনা বা দলীয় পক্ষপাতিত্ব ছাড়া এই কার্ড বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি আমিরুল হক চৌধুরী এবং ওয়াসার এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম, সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন প্রমূখ।