বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১০:৪৩ পিএম  (ভিজিট : ১৪)
নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন শত শত বিদেশি পর্যটক। নেপাল পুলিশের বরাত দিয়ে মৃতের এই সংখ্যা জানিয়েছে বিবিসি।

বুধবার (২৬ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে এই তুষারধস ও আকস্মিক বন্যার ঘটনা ঘটে। 

এদিকে নেপাল পর্যটন বোর্ড সর্বশেষ হালনাগাদ তথ্যে জানিয়েছে, ৬১ জন নেপালি ও ৩৪১ জন বিদেশি নাগরিকসহ মোট ৪০৩ জন নিখোঁজ রয়েছেন।

এতে বলা হয়েছে, নিখোঁজদের মধ্যে ২০০ জন নারী এবং ২০৩ জন পুরুষ।

জানা গেছে, নিখোঁজ বিদেশি নাগরিকরা ২৬টি ভিন্ন দেশের নাগরিক। এর মধ্যে ভারত থেকে ১৩৩ জন, যুক্তরাষ্ট্র থেকে ৪৭ জন এবং যুক্তরাজ্য থেকে ৩৩ জন নিখোঁজ রয়েছেন।

এক বিবৃতিতে পর্যটন বোর্ড জানায়, সীমান্তের উভয় পাশেই জোরদার অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত অঞ্চলে অবস্থানরত বা সেখান দিয়ে ভ্রমণরত পর্যটকদের নিরাপত্তা ও বর্তমান অবস্থান নিশ্চিত করতে কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।

নেপালের রাজধানী কাঠমাণ্ডুর উত্তরে অবস্থিত রসুয়া জেলায় এ বন্যা আঘাত হানে। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জানান, ভূমিকম্পের পর তুষারধস শুরু হয় এবং এর ফলে আকস্মিক বন্যা দেখা দেয়। তবে তথ্যগুলো এখনো যাচাই করে দেখা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

নেপালের পাশাপাশি চীনও ‘ব্যাপক ক্ষতির’ মুখে পড়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী শিশির।

নেপাল সেনাবাহিনী জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় হেলিকপ্টার ও দুর্যোগ মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, ক্ষয়ক্ষতির মাত্রা ‘কল্পনার অতীত’। এটি ২০১৫ সালের ভূমিকম্পের পর নেপালের সবচেয়ে ভয়াবহ বিপর্যয়। ওই ভূমিকম্পে প্রায় ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

চীন-নেপাল সীমান্তের নিম্নাঞ্চলের বেশ কয়েকটি জেলা এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এতে ব্যাপক প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে, তবে তারা এখনো কোনো স্পষ্ট হিসাব জানাতে পারেননি।

ভোটকোশী নদীর তীরের রসুয়া ও নুয়াকোট জেলার বেশ কয়েকটি জনবসতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকাগুলো জনবিরল হলেও সেখানকার সড়কগুলো নেপাল-চীন বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান রুট। জলবিদ্যুৎ প্রকল্প, মহাসড়ক এবং সেতু সহ ওই এলাকার গুরুত্বপূর্ণ অবকাঠামো ধসে পড়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]