শুক্রবার ২১ আগস্ট ২০২৬ ৬ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


ইটের বদলে পাটকেল : দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের একাংশ গুঁড়িয়ে দিল ভারত
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫:১৬ পিএম  (ভিজিট : ১৩)
নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের অনুমোদিত সীমানার বাইরে থাকা কিছু স্থাপনা ও ব্যারিকেড সরিয়ে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুমোদিত সীমানার বাইরে তৈরি করায় সরকারি নির্দেশে এ উচ্ছেদ অভিযান চালানো হয় বলে বার্তা সংস্থা পিটিআইকে নিশ্চিত করেছে সরকারি সূত্র।

এর আগে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের বাইরে থাকা নিরাপত্তাবেষ্টনী পাকিস্তানি কর্তৃপক্ষ সরিয়ে দিয়েছিল বলে খবর পাওয়া যায়। ব্যারিকেড সরিয়ে নেওয়ার তিন দিন পর নয়াদিল্লিতে এই পদক্ষেপ নেওয়া হলো। তবে দুই দেশের কূটনৈতিক মিশনের বাইরে পাল্টাপাল্টি এমন পদক্ষেপে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

জেসিবি মেশিন ব্যবহার করে নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের গলিতে তৈরি কিছু স্থাপনা ও ব্যারিকেড ভেঙে ফেলা হয়।

এর মধ্যে ভিসা বিভাগের কাছে মানুষের লাইন নিয়ন্ত্রণের কিছু সরঞ্জামও ছিল। এ ছাড়া হাইকমিশনের বাইরে থাকা নিরাপত্তা বেষ্টনী, ট্রাফিক বলার্ড ও অন্যান্য ব্যারিকেডও সরিয়ে দেওয়া হয়েছে।

পাকিস্তান হাইকমিশনের প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, স্থাপনা ভাঙার পর বাইরে ধ্বংসাবশেষ পড়ে আছে। সেখানে ভাঙা লোহার রেলিং ও গেট, বাঁকা ধাতব কাঠামো এবং কংক্রিটের টুকরো দেখা যায়। বাইরের কিছু স্থাপনা পুরোপুরি ভেঙে পড়েছে। এর মধ্যে টিনের ছাদ ও সাদা ধাতব বেড়াও রয়েছে।

সেবা কেন্দ্রগুলোর আশপাশের দেয়াল ও সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু জায়গায় প্লাস্টার ও ইটের অংশ খসে পড়েছে। বিভিন্ন কাউন্টারের আশপাশেও ভাঙা বেড়া ও নির্মাণসামগ্রী পড়ে থাকতে দেখা যায়।

তবে পাকিস্তান হাইকমিশনের প্রধান প্রবেশদ্বার অক্ষত রয়েছে। সাদা দেয়াল, গম্বুজের মতো কাঠামো এবং পাকিস্তানের প্রতীকযুক্ত বড় ধাতব গেটও ঠিক আছে। সীমানার কিছু অংশে কাঁটাতারের বেড়াও দেখা গেছে।

এদিকে জম্মু ও কাশ্মীর নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। বুধবার পাকিস্তান এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর শ্রীনগর সফরের সময় জম্মু ও কাশ্মীরকে ‘ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ’ বলে মন্তব্য করেন। তিনি সেখানকার নিরাপত্তা পরিস্থিতিরও প্রশংসা করেন।

এই মন্তব্যের প্রতিবাদে পাকিস্তান ইসলামাবাদে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ন্যাটালি বেকারকে তলব করে। তবে মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যের প্রতিবাদের সঙ্গে নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা সরিয়ে দেওয়ার কোনো সম্পর্ক আছে কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]