প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ২:৪৮ পিএম
(ভিজিট : ৭)
বাংলাদেশে আল কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক প্রতিবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রতিবেদনটি এখনো তিনি পড়েননি এবং এটি আপাতত আমলে নেওয়া হচ্ছে না।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রতিবেদনে বাংলাদেশে আল কায়েদার তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে স্থায়ী ঘাঁটি ও গোপন সেল গড়ে তোলার চেষ্টা করছে সংগঠনটি।
এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি শুনেছি, সেটা পড়িনি। সেখানে হয়তো কিছু অবজারভেশন দিতে পারে। আমি না দেখে বলতে পারব না।’
তিনি বলেন, ‘আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকার অন্তরে, সেখানে বলা হয়েছে যে, তারা একটা এজাম্পশন করেছে। অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমাননির্ভর রিপোর্টের ওপর আমরা কোনো পদক্ষেপ নিচ্ছি না।’
স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পরিবর্তন নিয়ে বিভিন্ন মহলে যে গুঞ্জন চলছে, সে বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তো কোনো গুঞ্জন শুনিনি।’