রবিবার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


'আমির হামজাকে হত্যার উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের সন্ত্রাসীরা হামলা করেছে': গোলাম পরওয়ার
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১২:২২ পিএম  (ভিজিট : ৮)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যার দিকে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে তাকে হত্যার উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের সন্ত্রাসীরা অতর্কিত ও বর্বরোচিত হামলা করেছে। আমি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।  

রোববার (১৬ আগস্ট) সকালে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। 

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, গতকাল শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের ছয় রাস্তা মোড়ে কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা জনসংযোগ শেষে বাসায় ফেরার পথে পুলিশ এসকর্টে থাকা অবস্থাতেই সন্ত্রাসী হামলার শিকার হন। মুফতি আমির হামজা এমপিকে হত্যার উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের সন্ত্রাসীরা হকিস্টিক ও ইট-পাটকেল দিয়ে তার গাড়িবহরে পৈশাচিক হামলা চালায়। সন্ত্রাসীদের এ বর্বরোচিত হামলায় তিনি নিজে, তার পরিবারের সদস্য ও সফরসঙ্গীসহ সাতজন মারাত্মকভাবে আহত হয়েছেন। একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর পুলিশের উপস্থিতিতে হত্যার উদ্দেশ্যে এ ধরনের নগ্ন ও পরিকল্পিত হামলা অত্যন্ত উদ্বেগজনক এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ।

তিনি বলেন, এমপি আমির হামজা আগেই আইনশৃঙ্খলা বাহিনীকে উসকানিমূলক বক্তব্য ও সম্ভাব্য বিশৃঙ্খলার বিষয়ে অবহিত করেছিলেন। তা সত্ত্বেও ঘটনাস্থলে পুলিশের নিষ্ক্রিয় ও নীরব ভূমিকা অত্যন্ত দুঃখজনক। পুলিশ প্রশাসন যদি সময়মতো কঠোর ও সতর্ক ভূমিকা পালন করত, তবে সন্ত্রাসীরা এমন দুঃসাহস দেখাতে পারত না।

বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত গণঅধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

একইসঙ্গে তিনি আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]