বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


নতুন ১২ জেলায় ই-বেইল বন্ড চালু
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১২:৫৫ পিএম  (ভিজিট : ১০)
জামিনপ্রাপ্ত আসামি ও তাদের পরিবারের সদস্যদের আদালত ও কারাগারে বারবার যাতায়াতের ভোগান্তি কমাতে দেশের আরো ১২ জেলায় চালু হয়েছে অনলাইন ই-বেইল বন্ড সিস্টেম। নতুন ১২ জেলা যুক্ত হওয়ায় বর্তমানে দেশের মোট ২৮ জেলায় এ সুবিধা চালু হলো।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নতুন জেলাগুলোতে ই-বেইল বন্ড সিস্টেমের উদ্বোধন ঘোষণা করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

নতুন যুক্ত হওয়া জেলাগুলো হলো—টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, রাঙামাটি, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ, ঠাকুরগাঁও ও জামালপুর।
 
আইনমন্ত্রী বলেন, প্রচলিত পদ্ধতিতে একটি বেইল বন্ড দাখিল ও সম্পন্ন করতে ১২টি ধাপ পেরোতে হলেও ই-বেইলবন্ড ব্যবস্থায় তা মাত্র দুই ধাপে সম্পন্ন করা যাচ্ছে। ফলে জামিন-সংক্রান্ত প্রক্রিয়ায় সময় ও ভোগান্তি দুটোই কমবে।

নতুন ব্যবস্থায় আইনজীবীরা তাদের চেম্বার কিংবা যেকোনো স্থান থেকে স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে বেইল বন্ড দাখিল করতে পারবেন। পরে ওটিপির মাধ্যমে তাৎক্ষণিকভাবে দাখিল গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হবে।

এর ফলে জামিনপ্রাপ্ত আসামি ও তাদের স্বজনদের কারাগার, ম্যাজিস্ট্রেট আদালত এবং জেলা জজ আদালতে বারবার যাওয়ার প্রয়োজন কমবে। পাশাপাশি জামিন-সংক্রান্ত কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়বে বলে জানান মন্ত্রী।

এর আগে দেশের ১৬টি জেলায় ই-বেইল বন্ড চালু করা হয়েছিল। গত কয়েক মাসে এসব জেলায় প্রায় ১ লাখ ২০ হাজার ই-বেইলবন্ড অনলাইনে দাখিল হয়েছে বলে জানান আইনমন্ত্রী। তার মতে, এই অভিজ্ঞতা ব্যবস্থাটির কার্যকারিতা প্রমাণ করেছে।
 
বিচারব্যবস্থাকে আরো জনবান্ধব করতে ই-বেইলবন্ডের পাশাপাশি মেডিয়েশন ও লিগ্যাল এইড কার্যক্রমেও গুরুত্ব দেওয়া হচ্ছে। মামলা কমানো এবং দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

মন্ত্রী আরো বলেন, আগামী এক বছরের মধ্যে যেসব জেলায় মামলা কমানো ও নিষ্পত্তির হার বাড়াতে উল্লেখযোগ্য সাফল্য আসবে, সেসব জেলার সংশ্লিষ্টদের উৎসাহিত বা পুরস্কৃত করার পরিকল্পনা রয়েছে আইন মন্ত্রণালয়ের।

অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস, অতিরিক্ত সচিব এসএম এরশাদুল আলম এবং বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মনজুরুল হোসাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]