প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৪:৩১ পিএম
(ভিজিট : ৮১)
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনকে কেন্দ্র করে চলমান জটিলতা ও আদালতের স্থগিতাদেশ প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ‘উজ্জল-লিপু পরিষদ’।
লিখিত বক্তব্যে পরিষদের অন্যতম নেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল বলেন, নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত কোনো ব্যক্তি বা পক্ষকে লক্ষ্য করে নয়; বরং এটি একটি আইনসম্মত, স্বচ্ছ ও গঠনতন্ত্রসম্মত নির্বাচন নিশ্চিত করার অংশ। গতকাল রবিবার এফডিসির জহির রায়হান কালারল্যাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে বলা হয়, একটি বাণিজ্যিক সংগঠনের নির্বাচন শুধুমাত্র ভোটগ্রহণের বিষয় নয়, বরং তা সংগঠনের গঠনতন্ত্র, আইনি কাঠামো, সদস্যদের আস্থা ও সুশাসনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।
এসময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক প্রার্থী কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু। আরও উপস্থিত ছিলেন পরিষদের প্রার্থীবৃন্দ। তারা হলেন-সোহরাব হোসেন, মাসুদা আখতার ঐশিকা, সুমন পারভেজ, কবির হোসেন, আলিম উল্লাহ খোকন, এটিএম জাহাঙ্গীর, অপূর্ব রানা, আনোয়ার, অনন্য মামুন ও এম এন ইস্পাহানী।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, সমিতির গঠনতন্ত্রে কার্যনির্বাহী কমিটিতে ধারাবাহিক মেয়াদসংক্রান্ত বিধান নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। বিশেষ করে ট্রেড অর্গানাইজেশনের আইন ২০২৫-এর ১৮(ক) ধারা অনুযায়ী, পরপর দুই মেয়াদ দায়িত্ব পালনকারীদের এক মেয়াদ বিরতি দেয়ার বিধান কার্যকর রয়েছে। উজ্জল-লিপু পরিষদের দাবি, অতীতে একাধিক মেয়াদে দায়িত্ব পালনকারী কয়েকজন প্রার্থীর প্রার্থিতা এই বিধানের সঙ্গে সাংঘর্ষিক। এ নিয়ে পূর্বে নির্বাচন কমিশন ও আপিল কমিশনের ভিন্নমুখী সিদ্ধান্ত, উচ্চ আদালতের রিট এবং একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু জানান, আবেদন নম্বর ১০৮৫৬-এর শুনানি শেষে উচ্চ আদালত পূর্ববর্তী মামলাগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই মাসের জন্য নির্বাচন স্থগিত রাখার অন্তর্বর্তী আদেশ দিয়েছেন। আদালতের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নির্বাচন কমিশনও ভোটগ্রহণ স্থগিত করেছে।