সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না—ফল বিপর্যয়ের বিষয়ে শিক্ষামন্ত্রী
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২:৪১ পিএম  (ভিজিট : ৯)
এসএসসি ও সমমান পরীক্ষায় ফলাফল ‘বিপর্যয়ের’ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক বলেছেন, ‘মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না।’

সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পর শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

ফল ঘোষণার আগে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ‘এবার যদিও পরীক্ষা নিতে দেরি হয়েছে, তবে ২০২৭ সালে আমরা ৭ জানুয়ারি পরীক্ষা নেব। এভাবে ক্রমান্বয়ে সময় এগিয়ে আসবে।’

খাতা পুনঃপরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের বোর্ডের ১৯৮০ সালের আইন অনুযায়ী খাতা পরিদর্শনের, নিরীক্ষণের কোনো ব্যবস্থা ছিল না। বর্তমানে আমরা এই ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা সংশোধন করেছি।

যেসব ছাত্র-ছাত্রী তাদের খাতা পুনঃপরীক্ষার জন্য আবেদন করবে, তাদের সম্পূর্ণ খাতা পুনঃপরীক্ষণ করা হবে। কোথাও যদি কোনো ভুল-ত্রুটি হয়ে থাকে, সেগুলোর বিষয়ে পুনরায় ব্যবস্থা নেওয়া হবে।’
 
এরপর শিক্ষামন্ত্রীর রেজাল্টের শুভ উদ্বোধন ঘোষণার পর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিস্তারিত ফলাফল তুলে ধরেন। 

ফলাফল তুলে ধরার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘মূল প্রসঙ্গ হচ্ছে, ৫ আগস্টের পর থেকেই তো খাতায় যে যা নম্বর পাচ্ছে, সেটাই দেওয়া হচ্ছে।

কিন্তু তারপরেও এবার কেন...বিষয়টার উত্তর দেওয়া আমার প্রয়োজন নেই। এবারের পরীক্ষায় যে যা নম্বর পেয়েছে, সেটাই দেওয়া হয়েছে।’

পুনঃপরীক্ষার বিষয়ে তিনি বলেন, ‘আগে পদ্ধতি ছিল—যদি কোনো স্টুডেন্ট রি-এক্সামিন করত, তাহলে শুধু ট্যাবুলেশনশিট দেখা হতো। সত্যিকার অর্থে ওই শিক্ষার্থীর খাতা পাল্টে গেছে কি না এবং শিক্ষক যথাযথ নম্বর দিয়েছেন কি না, এই পুনঃপরীক্ষা করার ব্যবস্থাটি ছিল না। এবার আমরা আইনগতভাবে পরিবর্তন এনে সেই ব্যবস্থাটি দেখেছি।’
 
তিনি আরো বলেন, ‘প্রত্যেকটি শিক্ষার্থী তার খাতা পুনঃপরীক্ষা করার সুযোগ পাবে। সে ক্ষেত্রে কোনো মানবিক বিষয় নেই। পুনঃনিরীক্ষণে খাতা আবার কাটা হবে। এক্সাক্টলি আবার রিভিউ করা হবে ইনফ্রন্ট অব কমিটি। যদি কেউ কাউকে ভুলভাল মার্কিং করে থাকে বা যেখানে যা পাওয়ার উপযোগ রয়েছে, সেটা যদি না দিয়ে থাকে, রিভিউ কমিটির সামনে সেই খাতা পুনঃপরীক্ষা করা হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘সারা দেশে যদি কোনো স্কুল-কলেজ-মাদরাসায় কেউ পাস না করে, সেগুলোকে অ্যাড্রেস করা—এই এক্সপেরিয়েন্সটি আমার আছে এবং সেই আলোকেই আমরা কাজ করব। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত যখন পরীক্ষায় নকল বের হয়েছিল, তখন এই জিরো পাস করার সংখ্যা বর্তমান থেকে তিন-চার গুণ ছিল। সেটা ক্রমান্বয়ে কমে এসেছিল এবং সেই ব্যবস্থাগুলো আমরা অতীতে নিয়েছি, বর্তমানেও নেব।’








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]