শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে?: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৯:৩৭ পিএম  (ভিজিট : ১০)
বাংলাদেশের মানুষ কখনো আওয়ামী লীগের রাজনীতি গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়। তারা চেষ্টা করছে, বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা।’

শুক্রবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে ৫০০ শয্যার কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।

এর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১-এর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, সমুদ্রসম্পদ এবং সমুদ্রবন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব আয় করতে সক্ষম হবে। ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, পর্যটন শুধু লাবণী, সুগন্ধা, কলাতলী কিংবা ইনানী সৈকতে সীমাবদ্ধ থাকবে না। পুরো ১২০ কিলোমিটার উপকূলজুড়ে বিভিন্ন ধরনের পর্যটন কার্যক্রম গড়ে তোলা হবে। বাণিজ্যিক লাভের চেয়ে কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করাই সরকারের প্রধান লক্ষ্য।

এমনভাবে কক্সবাজারকে সাজানো হবে, যাতে এ জনপদকে নিয়ে সমগ্র বাংলাদেশ গর্ব করতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের প্রধান পর্যটন কেন্দ্র নিয়ে অতীতে কোনো সমন্বিত জরিপ করা হয়নি। জরিপ ছাড়াই কক্সবাজার, কুয়াকাটা ও সুনামগঞ্জসহ দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকাকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া (ইসিএ) ঘোষণা করা হয়েছিল।

বিশেষ করে কক্সবাজার সমুদ্রসৈকত ও মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন এলাকায় ইসিএ ঘোষণা এবং আদালতের বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে পর্যটন খাতের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। এ কারণে নতুন করে বৈজ্ঞানিক জরিপের মাধ্যমে বিষয়টি পুনর্বিবেচনার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, কক্সবাজারকে ঘিরে জাতীয় ও আন্তর্জাতিক মানের পর্যটন হাব গড়ে তুলতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ চলছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পরিকল্পনাটি চূড়ান্ত হবে। পরে সরকারের অনুমোদন মিললে কক্সবাজারের উন্নয়নের পথে দীর্ঘদিনের বিভিন্ন নীতিগত ও প্রশাসনিক প্রতিবন্ধকতার সমাধান হবে।
 
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, কক্সবাজারকে ঘিরে উচ্চশিক্ষা ও সামুদ্রিক গবেষণার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে সরকার একটি মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে সামুদ্রিক শিক্ষা, গবেষণা ও দক্ষ মানবসম্পদ তৈরিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী, মহেশখালী-কুতুবদিয়া আসনের আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্না প্রমুখ।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]