প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১২:৩৫ পিএম
(ভিজিট : ৩৫)
ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইন ভেঙে জামালপুর কমিউটার ট্রেনের পাওয়ার কারসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা–ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। ফলে উভয়মুখী কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে এবং হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েন।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটের দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনের হোম পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্টেশন সূত্রে জানা যায়, জামালপুর থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশের সময় হোম পয়েন্টে রেললাইন ভেঙে যায়। এতে ট্রেনটির ইঞ্জিনসংলগ্ন পাওয়ার কারসহ ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ নম্বরের চারটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পরপরই ঢাকা–ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে, দুর্ঘটনার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন গফরগাঁও স্টেশনে, ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ফাতেমানগর স্টেশনে এবং ঢাকা থেকে ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেস শ্রীপুর স্টেশনে আটকা পড়ে। এতে যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষায় থেকে চরম ভোগান্তির শিকার হন।
পরিস্থিতি মোকাবিলায় রেলওয়ে কর্তৃপক্ষ উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় দুর্ঘটনাকবলিত জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন খুলে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের সঙ্গে সংযুক্ত করে ঢাকার উদ্দেশে পাঠায়। একই সঙ্গে ময়মনসিংহ থেকে একটি বিকল্প ইঞ্জিন এনে লাইনচ্যুত জামালপুর কমিউটার ট্রেনটি সরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়।
গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আল আমিন বলেন, “হোম পয়েন্টে রেললাইন ভেঙে যাওয়ায় ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করছি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।”
গফরগাঁও রেলওয়ের উপ-সহকারী (পথ) মো. আবু সাঈদ হাসান বলেন, “রেললাইনগুলোর অনেক আগেই মেয়াদ শেষ হয়েছে। কোথায় কখন লাইন ভেঙে যাবে, তা আগে থেকে বলা সম্ভব নয়। ভেঙে যাওয়া অংশ দ্রুত মেরামতের কাজ চলছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।”
দুর্ঘটনার পর ঘটনাস্থলে রেলওয়ের প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উদ্ধার ও মেরামত কার্যক্রম শুরু করেন।