শনিবার ১৮ জুলাই ২০২৬ ৩ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


ইসরায়েলিদের পাওয়া গেলে বহিষ্কার করবে মালয়েশিয়া
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৬:৩১ পিএম  (ভিজিট : ১৩)
মালয়েশিয়ায় অবস্থান করা কোনও ইসরায়েলি নাগরিকের খোঁজ পাওয়া গেলেই তাদের অবিলম্বে দেশ থেকে বহিষ্কার করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, যদি আমরা কোনও ইসরায়েলির সন্ধান পাই, তবে তাদের তাৎক্ষণিকভাবে বহিষ্কার করব। কারণ, আমরা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিই না।

দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহরের একটি বেসরকারি আবাসিক ও প্রযুক্তিভিত্তিক কমিউনিটিতে ইসরায়েলিদের জড়িত থাকার অভিযোগ তদন্তের মাঝেই প্রধানমন্ত্রীর এই কঠোর মন্তব্য করলেন। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা নেটওয়ার্ক স্কুল নামের ডিজিটাল নোমাডদের একটি কমিউনিটির বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ তদন্ত করছে। যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী ও কয়েনবেসের সাবেক প্রধান প্রযুক্তি কর্মকর্তা বালাজি শ্রীনিবাসনের প্রতিষ্ঠিত এই প্রজেক্টটি জোহর রাজ্যের ১০০ বিলিয়ন ডলারের ফরেস্ট সিটি প্রকল্পে অবস্থিত। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ উঠেছে, দ্বৈত নাগরিকত্ব থাকা কিছু ইসরায়েলি অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করে এই প্রকল্পে অংশ নিয়েছেন।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্পষ্ট করে বলেছেন, যদি তদন্তে এই দাবির সত্যতা প্রমাণিত হয়, তবে তাদের অবিলম্বে বহিষ্কার করা হবে। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ ইতোমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার সঙ্গে ইসরায়েলের কোনও কূটনৈতিক সম্পর্ক নেই। সাধারণত বিশেষ অনুমতি ছাড়া ইসরায়েলি পাসপোর্টধারীদের দেশে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। তবে অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে দ্বৈত নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে মালয়েশিয়ায় সুনির্দিষ্ট কোনও আইনি নিষেধাজ্ঞা নেই। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, মালয়েশীয় কর্তৃপক্ষ ইতোমধ্যে ওই প্রকল্পের সঙ্গে যুক্ত বিদেশি নাগরিকদের পরিচয় যাচাই করা শুরু করেছে।

সূত্র: মিডল ইস্ট আই








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]