প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৬:২৪ পিএম
(ভিজিট : ৮)
প্রায় দুই বছর বন্ধ থাকার পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রী পারাপার শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে দুই বছর পর প্রথম একজন বাংলাদেশি ভ্রমণ ভিসা নিয়ে ভারতে যান।
সরেজমিন দেখা যায়, বন্দর দিয়ে ভারতীয় যাত্রীরা বেশি আসছেন। তারা ভ্রমণ ভিসা নিয়ে আসছেন। অন্যদিকে বাংলাদেশি যাত্রী যারা যাচ্ছেন তারা যাচ্ছেন চিকিৎসা ভিসা নিয়ে।
একাধিক সূত্র জানায়, কয়েকদিন ধরে আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বেড়েছে।
ভারত ভ্রমণ ভিসা দিতে শুরু করায় বাংলাদেশি যাত্রী পারাপার আরো বাড়বে। দুই বছর পর দেওয়া ভ্রমণ ভিসায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা ফুলবাড়িয়ার এক যাত্রী প্রথম ভারতে যান। তিনি ২৮ জুন আবেদন করে ৮ জুলাই ভিসা পান। তিনি ছয় মাসের ভিসা পেয়েছেন।
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের এসআই মো. আব্দুর রহিম জানান, আজ সকাল সাড়ে ১১টার দিকে একজন বাংলাদেশি ভ্রমণ ভিসায় গেছেন। ৮ তারিখ থেকে ভিসা পাওয়ায় যাত্রী আরো বাড়বে।
২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে ভিসা কার্যক্রম বন্ধ রাখে ভারত। প্রায় দুই বছরের মাথায় ভ্রমণ ভিসা চালু করে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনার ভিসা সেন্টার থেকে ২৮ জুন একযোগে ভিসার কার্যক্রম শুরু হয়।
চলতি জুলাই মাসের ৮ তারিখ থেকে যাত্রীরা ভিসা পাচ্ছেন।