প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৩:০৬ পিএম
(ভিজিট : ১৫)
সরকারি কোনও অনুষ্ঠান উপলক্ষে তৈরি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
আজ রবিবার (৫ জুলাই) উপসচিব তানিয়া আফরোজের সই করা এক পরিপত্রে এমন নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়েছে, ‘সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতকৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি (থ্রিডি বা অন্য কোনো আঙ্গিকে) ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।’
পরিপত্রে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। নকশা এমনভাবে করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু স্পষ্টভাবে প্রতিফলিত হয়।
‘বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে বলা হয়েছে, এই নির্দেশনা অনতিবিলম্বে কার্যকর হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন জানান, পরিপত্রের বিষয়টি অবহিত করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিব ও সব সচিবকে চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের নিয়ন্ত্রণাধীন সব দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া প্রধান তথ্য কর্মকর্তা, দেশের সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও পরিপত্রের অনুলিপি পাঠানো হয়েছে।