রবিবার ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


ভিসা নীতিতে পরিবর্তন আমিরাতের, ৪৮ ঘণ্টায় পর্যটক ভিসা অনুমোদন
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৫:৪১ পিএম  (ভিজিট : ৬)
বিদেশি পর্যটক, দক্ষ পেশাজীবী ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করার পাশাপাশি অভিবাসন প্রক্রিয়া আরও সহজ করতে ভিসা নীতিতে একগুচ্ছ পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত। নতুন ব্যবস্থায় অন-অ্যারাইভাল ভিসার সুবিধা সম্প্রসারণ, ৪৮ ঘণ্টার মধ্যে পর্যটক ভিসা অনুমোদন, বিনিয়োগকারীদের আবাসিক ভিসার শর্ত শিথিল এবং চিকিৎসাপ্রার্থীদের জন্য স্মার্ট মেডিকেল ভিসা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ শনিবার (৪ জুলাই) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আমিরাতের ফেডারেল অথরিটি অন-অ্যারাইভাল ভিসা সুবিধা আরও ছয় দেশের নাগরিকদের জন্য সম্প্রসারণ করেছে। এর ফলে ১৪ ও ৬০ দিনের ভিসা ক্যাটাগরিতে সহজে দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার নাগরিকরা। এর আগে এ সুবিধা নির্দিষ্ট শর্ত পূরণকারী ভারতীয় নাগরিকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

এদিকে দুবাই ভ্রমণে আগ্রহীদের জন্য পর্যটক ভিসা প্রক্রিয়াও সহজ করা হয়েছে। অনুমোদিত ট্রাভেল বা পর্যটন প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করলে ৩০ থেকে ৬০ দিনের একবার প্রবেশযোগ্য পর্যটক ভিসা ৪৮ ঘণ্টার মধ্যেই অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিনিয়োগকারীদের জন্য দুই বছরের আবাসিক ভিসার ক্ষেত্রেও নতুন নিয়ম চালু হয়েছে। আগে একক মালিকানার সম্পত্তির ক্ষেত্রে ন্যূনতম সাত লাখ ৫০ হাজার দিরহাম মূল্যের সম্পত্তি থাকার যে শর্ত ছিল, তা বাতিল করা হয়েছে। তবে আবেদনকারীকে সম্পত্তির একক মালিক হতে হবে। যৌথ মালিকানার ক্ষেত্রে প্রত্যেক বিনিয়োগকারীর অংশের মূল্য কমপক্ষে চার লাখ দিরহাম হতে হবে।

সম্প্রতি মধ্যপ্রাচ্যে আকাশসীমা বন্ধ ও বিমান চলাচলে বিঘ্নের কারণে নির্ধারিত সময়ের বেশি অবস্থানকারী দর্শনার্থীদের জন্য জরিমানা ছাড়াই অতিরিক্ত ৩০ দিন সময় দিয়েছে আমিরাত। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৯ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভিসার অবস্থা নিয়মিত করতে হবে অথবা দেশ ত্যাগ করতে হবে।

চিকিৎসা পর্যটন খাতকে আরও গতিশীল করতে ‘স্মার্ট মেডিকেল ভিসা’ চালুর উদ্যোগও নিয়েছে দেশটি। এ লক্ষ্যে জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স-দুবাই এবং দুবাই হেলথ অথরিটির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। নতুন ব্যবস্থায় ভিসা, আবাসন ও চিকিৎসাসেবাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে বিদেশি রোগীদের পুরো চিকিৎসা প্রক্রিয়া আরও সহজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

অন্যদিকে, ইবোলা ভাইরাসের বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি, ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার্স ম্যানেজমেন্ট অথরিটি (এনসিইএমএ) এবং আইসিপি যৌথভাবে এ সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]