প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৮:৫০ পিএম
(ভিজিট : ১০)
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে সোহান ওরফে ‘জঙ্গী সোহান’ (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত ব্যক্তি অস্ত্র, ডাকাতি, দস্যুতা, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধে দায়ের হওয়া মোট ১৯টি মামলার আসামি।গ্রেপ্তারকৃত সোহান উপজেলার হাবিবপুর এলাকার দুলাল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের সার্বিক তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. ছারোয়ার হোসেনের নেতৃত্বে ৩০ জুন ২০২৬ তারিখে সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে সোহানকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত সোহানের বিরুদ্ধে সোনারগাঁ থানায় অস্ত্র, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, দস্যুতা, নারী ও শিশু নির্যাতন এবং গণধর্ষণসহ বিভিন্ন অভিযোগে মোট ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে অধিকাংশ মামলায় তিনি এজাহারভুক্ত আসামি এবং কয়েকটি মামলায় তদন্তে সন্দেহভাজন হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে ২০১৭ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত দণ্ডবিধির ৩৯৪, ৩৯৫, ৩৯৭, ৩৯৯, ৪০২ ধারাসহ অস্ত্র আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে একাধিক মামলা দায়ের হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁ থানা পুলিশ আরও জানায়, মাদক, ডাকাতি, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।