বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১১:১২ এএম  (ভিজিট : ২২)

পাকিস্তানের লাহোরের কাহনা এলাকায় একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন শিশু আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির জানান, দুর্ঘটনার পর ১৯ জন শিশুকে কাহনা তহসিল সদর (টিএইচকিউ) হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে দুই শিশুকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আহত আরও চারজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেন এবং জানান, উদ্ধার অভিযান ইতোমধ্যে শেষ হয়েছে।

উদ্ধার কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় কোচিং সেন্টারের ভেতরে ৩০ জনেরও বেশি শিশু উপস্থিত ছিল। পুলিশ জানিয়েছে, ভবনটির ওপরের তলায় নির্মাণকাজ চলছিল। এ সময় নিচতলায় শিশুরা ক্লাস করছিল। হঠাৎ করেই ছাদ ধসে পড়ে।

এ ঘটনায় ভবনের মালিকসহ পাঁচজনকে আটক করা হয়েছে। ছাদ ধসের কারণ জানতে তদন্ত চলছে। দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি নিহত শিশুদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজও ঘটনাটির তদন্ত প্রতিবেদন তলব করেছেন। তিনি নিহত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

পাকিস্তানে নিম্নমানের নির্মাণসামগ্রী ও দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে ভবন ধসের ঘটনা প্রায়ই ঘটে। গত বছরের জুলাই মাসে করাচির লিয়ারি এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে ২৭ জন নিহত এবং ১০ জন আহত হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]