বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


রাতে মেট্রোর সময় বাড়ছে, মার্চে যাবে কমলাপুর
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৬:২৫ পিএম  (ভিজিট : ১৫)
রাজধানীতে মেট্রো রেলের যাত্রী বাড়ার ধারাবাহিকতায় আগামী বছরের মার্চে কমলাপুর মেট্রো স্টেশন চালুর প্রস্তুতি নিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটির কর্মকর্তাদের ধারণা, কমলাপুর স্টেশন চালু হলে মেট্রো রেলের দৈনিক যাত্রী অন্তত ২০ শতাংশ বাড়বে।
 
বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে ধাপে ধাপে মেট্রো রেলের চলাচলের সময়ও বাড়ানোর পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। সম্প্রতি রাতে ২০ মিনিট সেবা বাড়ানোর পরই দৈনিক প্রায় ১০ হাজার নতুন যাত্রী যুক্ত হয়েছে।

ডিএমটিসিএল সূত্র জানায়, বর্তমানে মেট্রো রেলে প্রতিদিন গড়ে চার লাখ ১০ হাজার যাত্রী চলাচল করছেন। ৭ জুন থেকে রাতের সেবা ২০ মিনিট বাড়ানোর আগে এ সংখ্যা ছিল প্রায় চার লাখ।

সময় বাড়ানোর পর কোনো কোনো দিন যাত্রীসংখ্যা চার লাখ ২৫ হাজার ছাড়িয়েছে। শুধু অতিরিক্ত দুটি ট্রিপেই নয়, রাতের আগের ট্রিপগুলোতেও যাত্রীর সংখ্যা বেড়েছে।
ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম বলেন, ‘মেট্রো রেলের চলাচলের সময় ধীরে ধীরে বাড়ানোর পরিকল্পনা আমাদের আগেও ছিল। তবে সার্বিক বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হয়।

রাতে মেট্রো রেল বন্ধ হওয়ার পরই রক্ষণাবেক্ষণের মূল কাজ শুরু হয়। ট্রেন ডিপোতে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা, রক্ষণাবেক্ষণ এবং পরদিন ভোরে প্রায় দুই ঘণ্টার ট্রায়াল রান সম্পন্ন করতে হয়। তাই চাইলেই রাতারাতি সময় বাড়ানো সম্ভব নয়। তবে সম্প্রতি সময় বাড়ানোর পর যাত্রী বেড়েছে। কমলাপুর স্টেশন চালু হলে তখন সেবার পরিধি আরো বাড়ানোর সুযোগ তৈরি হবে।’

বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১২ সেট ট্রেন নিয়মিত চলাচল করছে। ভবিষ্যতে চলাচলের সময় আরো বাড়ানো হলে একযোগে ১৪ সেট ট্রেন পরিচালনার পরিকল্পনা রয়েছে ডিএমটিসিএলের।

দৈনিক ১৮ ঘণ্টা মেট্রো চালানোর দাবি যাত্রীদের 

মেট্রো রেলের নিয়মিত যাত্রীরা বলছেন, রাজধানীর মানুষের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে মেট্রো রেল সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চালু রাখা উচিত।

মিরপুরের পল্লবীর বাসিন্দা মেরিনা আক্তার বলেন, পরিবার নিয়ে প্রায়ই নরসিংদী যেতে কমলাপুর রেলস্টেশন থেকে সকাল সাড়ে ৭টার ট্রেন ধরতে হয়। কিন্তু এত সকালে মেট্রো রেল চালু না থাকায় সিএনজি বা অন্য যানবাহনের ওপর নির্ভর করতে হয়। কমলাপুর স্টেশন চালু হওয়ার পাশাপাশি সকাল ৬টা থেকে মেট্রো রেল চললে অনেক যাত্রী উপকৃত হবেন।

মিরপুর থেকে নিয়মিত কারওয়ান বাজারে অফিস করেন একুশ তফাদার। তিনি বলেন, মেট্রো রেল চালুর সময় ভোর থেকে মধ্যরাত পর্যন্ত সেবা দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু এখনো পূর্ণ সময় চালু হয়নি। কর্মদিবসে সকাল থেকে রাত পর্যন্ত যাত্রীর চাহিদা থাকে। তাই দ্রুত সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত মেট্রো রেল চালু করা উচিত। একই সঙ্গে শুক্রবারও সকাল থেকে সেবা চালুর দাবি জানান তিনি।

আগামী মার্চে চালু হবে কমলাপুর স্টেশন 

২০২২ সালে চালু হওয়া এমআরটি লাইন-৬-এর তৃতীয় ধাপের আওতায় মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে। ডিএমটিসিএল জানিয়েছে, প্রকল্পের প্রায় ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী বছরের মার্চে কমলাপুর স্টেশন চালুর প্রাথমিক লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে। এর আগে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ট্রায়াল রান শুরু করার পরিকল্পনা রয়েছে।

ডিএমটিসিএলের কর্মকর্তারা বলছেন, উত্তরা থেকে মতিঝিল অংশে প্রতিদিন পাঁচ লাখ যাত্রী চলাচলের প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। কমলাপুর স্টেশন চালু হলে দেশের সবচেয়ে বড় রেলস্টেশনের সঙ্গে মেট্রো রেলের সরাসরি সংযোগ তৈরি হবে। এতে আন্তঃনগর ও কমিউটার ট্রেনের যাত্রীদের বড় একটি অংশ মেট্রো রেলে যুক্ত হবেন। পাশাপাশি গোপীবাগ, কমলাপুর, মান্ডা ও আশপাশের এলাকার নতুন যাত্রী যুক্ত হওয়ায় দৈনিক যাত্রী অন্তত ২০ শতাংশ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

নগর বিশেষজ্ঞ আদিল মুহাম্মদ খান বলেন, কমলাপুর স্টেশন চালুর পাশাপাশি ভবিষ্যতে মেট্রো রেল সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চালানো সম্ভব হলে দৈনিক যাত্রীসংখ্যা লক্ষ্যমাত্রা ছাড়িয়েও যেতে পারে।

এমআরটি লাইন-৬ প্রকল্প পরিচালক আব্দুল ওহাব বলেন, ‘বিদ্যুৎ, সিগন্যাল ও মেকানিক্যালসহ বিভিন্ন কাজ দ্রুত এগিয়ে চলছে। ইতিমধ্যে প্রায় ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে। আমরা আগামী বছরের মার্চে কমলাপুর স্টেশন চালুর লক্ষ্য নিয়ে কাজ করছি। এর আগে ডিসেম্বরের মধ্যে ট্রায়াল রান শুরু করার পরিকল্পনা রয়েছে।’








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]