মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৮:০৫ পিএম  (ভিজিট : ৪)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা এখন পরিপূর্ণ সুস্থতার দিকে যাচ্ছে। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার ডান হাত ও পা অবশ হয়ে গিয়েছিল।

চিকিৎসকদের প্রচেষ্টায় হাতের অবস্থার উন্নতি হলেও এখন ডান পায়ের কার্যক্ষমতা ফিরে পেতে প্রতিদিন ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে।

সোমবার (২৯ জুন) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাসের বরাত দিয়ে শায়রুল কবির জানান, মির্জা আব্বাস আগের চেয়ে অনেক সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে তিনি মালয়েশিয়ার ‘পুসাট রিহ্যাবিলিটাসি নিউরো-রোবোটিক এবং সাইবারনিক্স কেবাংসান পারকেসো’ সেন্টারে প্রতিদিন পায়ের থেরাপি নিচ্ছেন।

সোমবার সকালে থেরাপি নেওয়ার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি উন্মুক্ত স্থানে হাঁটাচলাও করেছেন। এ সময় তার সঙ্গে আফরোজা আব্বাস উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৬ মে কুয়ালালামপুরের প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আফরোজা আব্বাস জানিয়েছিলেন, গুরুতর অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। নিউরো-সংক্রান্ত বড় ধরনের জটিলতা তৈরি হলেও তা এখন নিয়ন্ত্রণে রয়েছে। তিনি দেশে ফেরার জন্য ব্যাকুল হয়ে আছেন।

গত ১১ মার্চ রমজানের ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। ওই রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় তার মস্তিষ্কে রক্তক্ষরণ ধরা পড়ে এবং দুই দফা অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে তাকে প্রথমে সিঙ্গাপুর এবং পরবর্তীতে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় নেওয়া হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]