প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:১০ পিএম
(ভিজিট : ৬)
বিয়ের অনুষ্ঠানে অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করলে দেশে মুদ্রাস্ফীতির পরিমাণ কমে আসবে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন।
আজ সোমবার (২২ জুন) জাতীয় সংসদের অধিবেশনে এই আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘আমাদের এ বাংলাদেশে বিয়ে অনুষ্ঠানের নামে বিত্ত-বৈভবের যে অশ্লীল প্রদর্শনী, এটাকে বন্ধ করতে হবে মাননীয় স্পিকার। সাত দিন, আট দিন, দশ দিন, এক মাস আগে থেকে কোরিওগ্রাফার দিয়ে নৃত্য করে এই গায়েহলুদ অনুষ্ঠানে। এটা ধর্মের সাথে সাংঘর্ষিক বলেন শাহাদাত হোসেন। এ সময় বিয়ের অতিরিক্ত খরচ বন্ধ করার আহ্বান জানিয়ে অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করার দাবি জানান তিনি।
শাহাদাত হোসেন বলেন, ‘এটাকে বন্ধ করতে হবে। অতীতে যে অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল এই আইনটাকে কার্যকর করতে হবে। আপনি দেখবেন মাননীয় স্পিকার যদি অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করা যায়, যদি আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলি, তাহলে মুদ্রাস্ফীতির পরিমাণ কমে আসবে। একদিনে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অন্তত ১০ পারসেন্ট কমে আসবে।’ প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত মিতব্যয়ী, অপচয় পছন্দ করেন না বলেও উল্লেখ করেন তিনি।