প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৫১ পিএম
(ভিজিট : ৩৬৩)
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় বসতবাড়িতে যাতায়াতের একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী একটি পরিবার। তারা দ্রুত রাস্তা উন্মুক্ত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
বুধবার (১১ মার্চ) বিকেল ৪টায় হোতাপাড়া এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ডাঃ সোহরাব হোসেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা একটি রাস্তা ব্যবহার করে তাদের বসতবাড়িতে যাতায়াত করে আসছিলেন। কিন্তু সম্প্রতি কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে ওই রাস্তা দখল করে বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন। এতে তার পরিবারসহ আশপাশের কয়েকটি পরিবার চরম ভোগান্তিতে পড়েছে।
তিনি আরও জানান, রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় জরুরি প্রয়োজনে যাতায়াত, অসুস্থ রোগী হাসপাতালে নেওয়া এবং শিশুদের স্কুলে যাতায়াতে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, বোকরান মনিপুর এলাকায় দীর্ঘদিন ধরে তারা পারিবারিক চলাচলের রাস্তা হিসেবে এটি ব্যবহার করে আসছেন। কিন্তু স্থানীয় কিরণ শেখ ও মোস্তাফিজুর রহমান শেখসহ কয়েকজন ব্যক্তি রাস্তা জবরদখলের চেষ্টা করছেন এবং রাস্তা সংস্কারের উদ্যোগ নিলেও বাধা দিচ্ছেন।
অভিযোগে আরও বলা হয়, ২০২২ সালের ১ নভেম্বর অভিযুক্তরা বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেন। এ সময় প্রতিবাদ করলে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এমনকি রাস্তা ব্যবহার করতে হলে এক লাখ টাকা চাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা দ্রুত ঘটনাটি তদন্ত করে রাস্তা দখলমুক্ত করা এবং নিরাপদ চলাচলের পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।