বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


আজিমপুর আবাসন প্রকল্প: নেপথ্যে আরও ভয়ঙ্কর তথ্য
নির্বাহী প্রকৌশলী ফয়সাল ও ইলিয়াস সিন্ডিকেটের দুর্নীতির শতকোটি টাকার ফাইল দুদকের জালে
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৭:০০ পিএম  আপডেট: ০৩.০৩.২০২৬ ৭:০৬ পিএম  (ভিজিট : )
রাজধানীর আজিমপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসন নিশ্চিত করতে গৃহীত ৭৭৪ কোটি ৫৯ লাখ টাকার মেগা প্রকল্পে দুর্নীতির যে ক্ষত তৈরি হয়েছিল, তা এখন ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। গত ২২ ফেব্রুয়ারি সংবাদ প্রতিদিনে প্রকাশিত প্রতিবেদনের পর অনুসন্ধানে বেরিয়ে এসেছে আরও চাঞ্চল্যকর সব তথ্য, যা কেবল আর্থিক অনিয়ম নয়, বরং একটি সুসংগঠিত রাষ্ট্রীয় সম্পদ চুরির নীল নকশাকে উন্মোচিত করে। 

গণপূর্ত অধিদপ্তরের আজিমপুর প্রকল্পের বর্তমান নির্বাহী প্রকৌশলী ফয়সাল হালিম এবং বর্তমানে সিলেটে কর্মরত সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইলিয়াস আহমেদের নেতৃত্বে গড়ে ওঠা এই সিন্ডিকেট পিপিআর-২০০৮ এবং এর সংশোধিত বিধিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পকেটস্থ করছে প্রকল্পের সিংহভাগ বরাদ্দ। এই সিন্ডিকেটের দাপটে জিম্মি হয়ে পড়েছেন সৎ ঠিকাদার ও সাধারণ কর্মকর্তারা, যার ফলে আবাসন প্রকল্পের ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে।

অনুসন্ধানে জানা গেছে, প্রকল্পের শুরু থেকেই লিফট, জেনারেটর এবং ফায়ার ফাইটিং সিস্টেম আমদানির নামে প্রায় ১২০ কোটি টাকার একটি বিশেষ ‘কালো ফান্ড’ তৈরি করা হয়েছে। এই ফান্ডের মাধ্যমে নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের মালামাল ক্রয়ের বাধ্যবাধকতা তৈরি করে বাজারদরের চেয়ে প্রায় দ্বিগুণ দাম ধরা হয়েছে।

অভিযোগ রয়েছে, সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইলিয়াস আহমেদ বর্তমানে সিলেটে বদলি হলেও ঢাকার আজিমপুর প্রকল্পের মূল ‘রিমোট কন্ট্রোল’ এখনো তার হাতেই। নির্বাহী প্রকৌশলী ফয়সাল হালিম কেবল তার আজ্ঞাবহ হিসেবে প্রতিটি ফাইলের কমিশন নিশ্চিত করছেন। এমনকি প্রকল্পের ৮৩৬টি ফ্ল্যাটের ফিনিশিং কাজের জন্য নিম্নমানের টাইলস ও স্যানিটারি সামগ্রী ব্যবহার করে কয়েক কোটি টাকা সাশ্রয় করে তা সিন্ডিকেটের পকেটে ভরা হয়েছে। 

মাস্টাররোলে কর্মরত শ্রমিকদের ভুয়া তালিকা দেখিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা উত্তোলন করা হচ্ছে, যার কোনো বাস্তব অস্তিত্ব নেই। এই সিন্ডিকেট এতটাই শক্তিশালী যে, তাদের বিরুদ্ধে কথা বলায় গত এক মাসে দুজন উপ-সহকারী প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এবং তাদের ডেস্ক থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র গায়েব করে দেওয়া হয়েছে।

এই ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে আজিমপুর প্রকল্পের নির্বাহী প্রকৌশলী ফয়সাল হালিমের সাথে সরাসরি কথা বললে তিনি এবার বেশ উত্তেজিত হয়ে ওঠেন। তিনি বলেন, "আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং পেশাগত প্রতিহিংসার ফসল। আমি নিয়মের বাইরে এক পয়সাও খরচ করিনি। ইলিয়াস সাহেবের সাথে আমার যোগাযোগ কেবল দাপ্তরিক কাজের প্রয়োজনে, অন্য কিছু নয়। যারা কাজ না পেয়ে বঞ্চিত হয়েছেন, তারাই এই অপপ্রচার চালাচ্ছেন।" 

অন্যদিকে সিলেটে কর্মরত ইলিয়াস আহমেদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। 

এই প্রকল্পের চলমান অরাজকতা নিয়ে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান সাংবাদিকদের জানান, কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিষয়টি দুদককে হস্তান্তর করা হবে।

এই মহাদুর্নীতির আঁচ লেগেছে নীতিনির্ধারক মহলেও। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব জানান, "অনিয়ম নিয়ে সরকারের জিরো টলারেন্স নীতি বহাল আছে। আমরা ইতিমধ্যে প্রকল্পের সকল ব্যয়ের অডিট রিপোর্ট তলব করেছি। পিপিআর লঙ্ঘন করে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার প্রমাণ মিললে সেই টেন্ডার বাতিল করা হবে।"

এদিকে অভিযোগকারীরা দাবি করছেন, নতুন কমিশন গঠিত হওয়ার আগেই যেন ফয়সাল ও ইলিয়াস সিন্ডিকেটের ব্যাংক হিসাব জব্দ করা হয়, কারণ তাদের মাধ্যমে অন্তত ৩০০ কোটি টাকা ইতিমধ্যে বিদেশে পাচারের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। আজিমপুর আবাসন প্রকল্পের এই ‘হরিলুট’ থামানো না গেলে তা কেবল একটি অবকাঠামোগত ব্যর্থতা হবে না, বরং রাষ্ট্র সংস্কারের পথে একটি বড় কলঙ্ক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

দর্শকদের ভালোবাসায় মুগ্ধ চিত্রনায়ক ডিএ তায়েব
ভ্যাট রিটার্ন দাখিলে আসছে ত্রৈমাসিক ব্যবস্থা
পতাকা বৈঠকেও মেলেনি সমাধান, বৃষ্টিতে ভিজে শূন্য রেখায় ‘ওরা ২৮ জন’
ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন
প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেফতার ২
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা : চলছে আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি
বিএনএস গ্রুপের ডিএমডি নাওয়ার লায়লা বুলুকে সংবাদ প্রতিদিনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা
হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল
কুয়েত-বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা ইরানের
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]