সোমবার ৯ মার্চ ২০২৬ ২৫ ফাল্গুন ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশে মা-বোনদের ইজ্জত লুণ্ঠিত হচ্ছে: ডাকসু ভিপি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৪ পিএম   (ভিজিট : )
সারাদেশে মা-বোনদের ইজ্জত লুণ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। অভিযোগ করে তিনি বলেন, বাংলাদেশ আজ ভালো নেই। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে কোনো গুম-খুন, হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি থাকবে না। নতুন যে সরকার আসবে তারা কোনো দলের হবে না, বরং জনগণের হবে। কিন্তু আমরা দেখেছি নতুন সরকার দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে চারটা লাশ পড়েছে।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীসহ সারাদেশে হওয়া ধর্ষণ ও সহিংসতার ঘটনাসমূহের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ডাকসু আয়োজিত ‘বিক্ষোভ’ সমাবেশে তিনি এসব কথা বলেন।

এদিন বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ-মিছিল শুরু করে ডাকসু। এ সময় বিক্ষোভকারীরা ‘উই ওয়ান্ট জাস্টিস, হ্যাং দা রেপিস্ট’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘তারেক রহমান, ধর্ষণ করো অবসান’সহ নানা স্লোগান দেন।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে সাদিক কায়েম বলেন, সম্প্রতি নরসিংদীর ঘটনা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। সেখানে দেখেছি কিভাবে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এছাড়াও, সারাদেশে ফ্যাসিবাদী উপায়ে ভিন্নমত দমন করা হচ্ছে। আমরা বেঁচে থাকতে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হতে দেবো না। জীবন দিয়ে হলেও বাংলাদেশে আর হাসিনাতন্ত্র ফিরে আসতে দেবো না। কেউ যদি হাসিনা হয়ে উঠতে চায় তাহলে আমরা আবু সাঈদ হয়ে তাদের রুখে দেবো।

তিনি বলেন, আমরা দেখছি আওয়ামী সন্ত্রাসীদের মুক্তি দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। তারা একটা সন্ত্রাসী সংগঠন। তারা জুলাইয়ে ২০০০ মানুষ হত্যা করেছে। খুনি হাসিনার বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি নিতে হবে। তাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে। তাকে ফাঁসিতে ঝোলাতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা দেখছি আপনি বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন। এই জুলাই প্রজন্ম কারও হুমকির তোয়াক্কা করে না।

বিক্ষোভ সমাবেশে ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, নরসিংদীর ঘটনায় বিএনপির একাধিক নেতা ধর্ষণের ঘটনা ধামাচাপায় জড়িত ছিলেন। তারেক রহমান কোথায় হেঁটে যাচ্ছেন, কোথায় বসছেন এসব নিয়ে নিউজ হয়। কিন্তু সারাদেশে এত ঘটনা কোনো মিডিয়ায় আসে না। 

তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনার দল গত ১৫ বছর মজলুম ছিল। আমরা কখনো আশা করি নাই আপনারা জালেম হবেন। আপনারা সরকার চালাতে চাইলে এসব ধর্ষণের বিরুদ্ধে সিরিয়াস হন। এসব অপরাধ চলতে থাকলে আমরা ছাত্রসমাজ আপনাদের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তুলবো।

ডাকসুর এজিএস মহিউদ্দিন খান বলেন, নারীর নিরাপত্তা একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। সর্বশেষ নির্বাচনে আমরা দেখেছি প্রত্যেকটি রাজনৈতিক দল নারীর নিরাপত্তাকে তাদের ইশতেহার বানিয়েছিল। কিন্তু এখন দেখছি তারা ধর্ষকদের নিরাপত্তা দিচ্ছে।

তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, আপনারা আমাদের মা-বোনদের নিরাপত্তা দিন। এসব ধর্ষণের ঘটনা আমরা সামাজিক যোগাযোগমাধ্যমের দ্বারা জানতে পাচ্ছি। কিন্তু এসব ঘটনা প্রশাসনের মাধ্যমে জানার কথা ছিল।

এছাড়া, বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ এবং ক্রিয়া সম্পাদক আরমান হোসেন। 








আরও খবর


 সর্বশেষ সংবাদ

৩৭ হাজার ৫৬৭ নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড ভাতা দেওয়া হবে: সমাজকল্যাণ মন্ত্রী
পারস্পরিক সংস্কৃতির বিনিময় মানুষে-মানুষে সম্পর্কের সেতুবন্ধন তৈরি করে: সংস্কৃতি মন্ত্রী
ঈদের সিনেমার ট্রেলারের চেয়েও আমার কনটেন্ট বেশি সাড়া পাচ্ছে: জায়েদ খান
বাংলাদেশ থেকে মব সংস্কৃতি নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কুড়িগ্রামে ওহী ইন্টারন্যাশনাল স্কুলের সবক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
‎সালথায় পেঁয়াজ বিক্রি করেই লোকসান গুনছেন কৃষকগণ, ‎উৎপাদন খরচ পাচ্ছেনা
চার জেলার স্বাস্থ্যসেবা দিচ্ছে শেরপুর সদর হাসপাতাল
সাভারে ৩দিনব্যাপী যুব উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন
দালাল ধরতে রাজধানীর তিন হাসপাতালে র‍্যাবের বিশেষ অভিযান
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com