বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


মিয়ানমারে সেনাবাহিনীর হামলায় সেভ দ্য চিলড্রেনের ‘দুই কর্মী নিহত’
প্রকাশ: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ৫:০১ পিএম   (ভিজিট : )
আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন অভিযোগ করে বলেছে, মিয়ানমারে তাদের দুই কর্মী দেশটির সামরিক বাহিনীর হামলায় নিহত হয়েছেন। পূর্বাঞ্চলীয় কায়া রাজ্যে ওই হামলার পর নারী ও শিশুসহ ৩৫ জনেরও বেশি মানুষের লাশ পাওয়া গিয়েছিল বলে সংস্থাটি জানিয়েছে।

তারা বলেছে, সেনারা লোকজনকে তাদের গাড়ি থেকে জোর করে নামিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে ও বাকিদের হত্যা করে তাদের লাশ পুড়িয়ে দেয়।

মিয়ানমারের সামরিক বাহিনী এসব অভিযোগ অস্বীকার করেছে বলে বিবিসি জানিয়েছে।

সেভ দ্য চিলড্রেন বলেছে, তাদের যে দুই কর্মীকে হত্যা করা হয়েছে তারা ‘উভয়েই সদ্য পিতা হয়েছিলেন এবং তারা শিশুদের শিক্ষা নিয়ে কাজ করতেন’। জনসেবামূলক কাজ করার পর তারা ছুটিতে বাড়িতে যাচ্ছিলেন।

এক ‍টুইটে দাতব্য সংস্থাটি, এ ঘটনার জন্য দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে।

মিয়ানমারের সরকারবিরোধীরাও হাপ্রুসো শহরের মো সো গ্রামের কাছে গত শুক্রবারের ওই হত্যাযজ্ঞের জন্য সেনাবাহিনীকে দায়ী করছে। হামলার পর আসা ছবিগুলোতে  পোড়া গাড়িগুলোর অবশেষ দেখা গেছে।

জান্তাবিরোধী মিলিশিয়া গোষ্ঠীগুলোর মধ্যে বৃহত্তম একটি গোষ্ঠী কারেননি ন্যাশনাল ডিফেন্স ফোর্স জানিয়েছে, নিহতরা মিলিশিয়া বাহিনীর সদস্য ছিল না, তারা লড়াই থেকে বাঁচার চেষ্টারত বেসামরিক ছিল।

গোষ্ঠীটির একজন কমান্ডার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘মৃতদেহগুলো বিভিন্ন আকারের, তাদের মধ্যে শিশু, নারী ও বৃদ্ধরাও আছেন; এসব দেখে আমরা হতবাক হয়ে গেছি।’








আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]