বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬ ● ২১ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


শ্রমিকদের ব্যবহার করে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৮:০৩ পিএম  (ভিজিট : ১৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাধারণ শ্রমিকদের ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পরিকল্পিত রাজনৈতিক সহিংসতা, ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী তৎপরতা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া পর্যালোচনা নিয়ে আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের কোনো অমীমাংসিত দাবি নেই। এরপরও একটি মহল পরিকল্পিতভাবে শিল্প খাতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তাঁর দাবি, এসব বিশৃঙ্খলা ও সহিংসতার সঙ্গে সাধারণ শ্রমিকেরা জড়িত নন। শ্রমিক আন্দোলনের নামে কিছু বহিরাগত ও অশ্রমিক ব্যক্তি ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছেন।

তিনি আরও বলেন, তদন্তে অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্বে থাকা কয়েকজন গার্মেন্টস মালিক, সাবেক সংসদ সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর রাজনৈতিক ভূমিকা ও সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। পাশাপাশি মাফিয়া ও প্রতিক্রিয়াশীল শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে পরিচালিত ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এসব রাষ্ট্রবিরোধী সহিংসতা কঠোরভাবে দমনের নির্দেশনা দিয়েছে সরকার।

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিক ও শিল্পবান্ধব। শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং সার্বিক কল্যাণকে অগ্রাধিকার দিয়ে বিষয়গুলো বিবেচনার জন্য তিনি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। সরকারের মূল লক্ষ্য রপ্তানি বাড়ানো, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করা।

তিনি বলেন, সম্প্রতি তৈরি পোশাকশিল্পের মালিকদের সঙ্গে সরকারের দীর্ঘ ও ফলপ্রসূ বৈঠক হয়েছে। শ্রমিক নেতাদের সঙ্গেও বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, উভয় পক্ষই একমত হয়েছে যে, এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড সাধারণ শ্রমিকদের আন্দোলন নয়; বরং রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য শ্রমিকদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে।

সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সাধারণ শ্রমিকদের কোনো ধরনের উসকানি ও গুজবে কান না দেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে তাঁদের অবিলম্বে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার অনুরোধ করেন তিনি।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]