শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬ ● ১৫ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


নিজের অভিনীত যে ১১ সিনেমাকে সেরা মনে করেন পরেশ রাওয়াল
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৪:৩৫ পিএম  (ভিজিট : ১৬)

চার দশকের দীর্ঘ অভিনয়জীবনে ২৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। তবে নিজের অভিনীত সব সিনেমা নিয়ে সন্তুষ্ট নন তিনি। এতগুলো কাজের মধ্যে মাত্র ১১টি সিনেমাকে ভালো বলে মনে করেন এই অভিনেতা।

সম্প্রতি জাগরণ ফিল্ম ফেস্টিভ্যালে নিজের অভিনীত সিনেমা ‘পাস্ট টেন্স’-এর প্রদর্শনীতে অংশ নিয়ে ক্যারিয়ারের সেরা কাজগুলো সম্পর্কে কথা বলেন পরেশ। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ছেলে আদিত্য রাওয়াল, অনন্ত মহাদেবন, তন্নিষ্ঠা চ্যাটার্জি ও শরিব হাশমি।

প্রদর্শনী শেষে দর্শকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে নিজের দীর্ঘ অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। ২৫০টির বেশি সিনেমায় অভিনয়ের পর সেগুলোর হিসাব রেখেছেন কি না, এমন প্রশ্নের জবাবে পরেশ বলেন, ‘না। ভালো সিনেমাগুলোর সংখ্যা আমার জানা আছে।’ এরপর তিনি জানান, নিজের অভিনীত সিনেমার মধ্যে মাত্র ১১টিকে ভালো মনে করেন।

পরেশের ছেলে আদিত্য জানান, তাঁরা দুজন মিলে সিনেমাগুলোর হিসাব করেছেন।

নিজের পছন্দের কাজগুলোর কথা বলতে গিয়ে ১৯৯৩ সালের সিনেমা ‘সর্দার’-এর কথা বিশেষভাবে উল্লেখ করেন পরেশ। ছবিটিতে ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা সর্দার বল্লভভাই প্যাটেলের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। চরিত্রটি ফুটিয়ে তুলতে অনেক পরিশ্রম করতে হয়েছিল বলে জানান অভিনেতা। সিনেমাটি তাঁর হৃদয়ের খুব কাছের বলেও উল্লেখ করেন তিনি।

এ ছাড়া নিজের পছন্দের সিনেমার তালিকায় ‘ডাকাত’ (১৯৮৭), ‘হেরা ফেরি’ (২০০০), ‘তামান্না’ (১৯৯৭), ‘ওয়ে লাকি! লাকি ওয়ে’ (২০০৮), ‘মুম্বাই মেরি জান’ (২০০৮) এবং ‘দ্য স্টোরিটেলার’ (২০২৫)-এর কথা বলেন। তবে নিজের পছন্দের ১১টি সিনেমার পূর্ণাঙ্গ তালিকা অনুষ্ঠানে প্রকাশ করেননি তিনি।

খলনায়ক চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন পরেশ। নিজের অভিনীত পছন্দের খলনায়ক চরিত্র হিসেবে ‘ডাকাত’ সিনেমার চরিত্রটিকে বেছে নেন তিনি। তাঁর মতে, খলনায়ককে এমনভাবে পর্দায় তুলে ধরা উচিত, যেন তাকে বাস্তব জীবনের পরিচিত কোনো মানুষ বলে মনে হয়। কৃত্রিম সাজসজ্জা বা অতিরঞ্জিত উপস্থাপনার মাধ্যমে খলনায়ক তৈরির প্রবণতা তাঁর পছন্দ নয়।

অনুষ্ঠানের একপর্যায়ে দর্শকেরা ‘হেরা ফেরি’ সিনেমার জনপ্রিয় চরিত্র বাবুরাও গণপতরাও আপ্তের একটি সংলাপ শোনানোর অনুরোধ করেন। মজার ছলে পরেশ বলেন, ‘না, না। এর জন্য টিকিট কাটতে হবে।’

এদিকে ‘হেরা ফেরি ৩’ সিনেমা থেকে পরেশের সরে দাঁড়ানো নিয়েও আলোচনা রয়েছে। তাঁর সিদ্ধান্তের পর ছবিটির প্রযোজক ও অভিনেতা অক্ষয় কুমার ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছিলেন বলে জানা যায়। পরে পরেশ জানান, অক্ষয়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনো বিরোধ নেই; চুক্তিসংক্রান্ত বিষয়ই ছিল তাঁর সিদ্ধান্তের কারণ। ২০২৬ সালের জুলাইয়ে আইনি নোটিশকে ‘আবেগের প্রতিক্রিয়া’ বলেও উল্লেখ করেন তিনি।









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]