বুধবার ● ২১ অক্টোবর ২০২৬ ● ৫ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-আলজেরিয়া সমঝোতা স্মারক সই
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:২৩ পিএম  (ভিজিট : ১৪)
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং জ্বালানি সরবরাহের উৎস বহুমুখীকরণের লক্ষ্যে আলজেরিয়ার সঙ্গে হাইড্রোকার্বন খাতে সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ। এর আওতায় সরকার-টু-সরকার (জিটুজি) ব্যবস্থায় আলজেরিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির সম্ভাবনা তৈরি হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে বাংলাদেশের পক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং আলজেরিয়ার পক্ষে দেশটির হাইড্রোকার্বন বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ আরকাব সমঝোতা স্মারকে সই করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সমঝোতা স্মারক সইয়ের পাশাপাশি দুই দেশের মন্ত্রী জ্বালানি খাতে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে জিটুজি ব্যবস্থায় আলজেরিয়া থেকে বাংলাদেশে এলএনজি, এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া বাংলাদেশে এলএনজি ও এলপিজির অবকাঠামো উন্নয়ন এবং তেল, গ্যাস ও কয়লা অনুসন্ধানে সহযোগিতার সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন তাঁরা। বাংলাদেশের প্রকৌশলী ও কারিগরি কর্মীদের আলজেরিয়ার জ্বালানি খাতের সর্বোত্তম চর্চা ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের সুযোগ দিতে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের অনুরোধ জানান জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

সমঝোতা স্মারক সইয়ে সন্তোষ প্রকাশ করে জ্বালানিমন্ত্রী বলেন, এই উদ্যোগ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে। একই সঙ্গে বিকল্প আফ্রিকান উৎস থেকে জিটুজি ব্যবস্থায় এলএনজি, এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির সুযোগ তৈরি হবে।

সফরকালে মঙ্গলবার আলজেরিয়ার খনি ও খনিজ শিল্পমন্ত্রী মুরাদ হানাফি এবং জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানিমন্ত্রী মুরাদ আদজাল পৃথকভাবে বাংলাদেশের জ্বালানিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, সার এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন তারা।

এর আগে সোমবার (১৯ অক্টোবর) আলজেরিয়ার হাইড্রোকার্বন প্রতিমন্ত্রী মোহাম্মদ আরকাব আলজিয়ার্সের হুয়ারি বুমেদিয়েন আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি প্রেসিডেন্সিয়াল লাউঞ্জে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে স্বাগত জানান।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]