প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১২:৫৯ পিএম
(ভিজিট : ২০)
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক কর্মকাণ্ডে’ লিপ্ত হওয়ার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। স্থানীয় বিচারিক আদালতে অপরাধ প্রমাণিত হওয়ার পর রাজকীয় আদেশে মক্কা অঞ্চলে এই সাজা বাস্তবায়ন করা হয়।
বুধবার এই দণ্ড কার্যকর করা হয় বলে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সৌদিভিত্তিক সংবাদমাধ্যম ‘আজেল’।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন নজরুল ইসলাম আবদুল বসির এবং সিথি আক্তার।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে প্রতিবেদনে বলা হয়, মক্কার একটি মসজিদে পবিত্রতা ও স্থান-কালের মর্যাদা লঙ্ঘন করে অনৈতিক কাজ করার অভিযোগে এই দুজনকে গ্রেপ্তার করে দেশটির নিরাপত্তা বাহিনী। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলার পর মামলাটি সংশ্লিষ্ট আদালতে স্থানান্তর করা হয়।
মামলার বিচারপ্রক্রিয়া শেষে আদালত জানান, পবিত্র উপাসনালয়ের ভেতরে এ ধরনের অপরাধ অত্যন্ত গুরুতর এবং স্থান ও সময়ের পবিত্রতার চরম লঙ্ঘন। অপরাধের ভয়াবহতা বিবেচনায় এনে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে এবং আইনি এখতিয়ার অনুযায়ী তাদের মৃত্যুদণ্ডের রায় দেন।
পরবর্তীতে উচ্চতর আদালত এই রায় বহাল রাখেন।
রাজকীয় অনুমোদনের পর বুধবার মক্কা অঞ্চলে আনুষ্ঠানিকভাবে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।